মাদক নিয়ে জলাশয়ে ঝাঁপ, সাঁতরে গিয়ে কারবারিকে আটক করল পুলিশ
যোগফল প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের হাত থেকে বাঁচতে জলাশয়ে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হয়নি টিটু মিয়া (৩৬) নামে এক ব্যক্তির। জলাশয় পেরিয়ে কাদাযুক্ত ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করলেও সাঁতরে গিয়ে তাঁকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার টিটু মিয়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক এলাকার ওহিদ মেম্বারের বাড়ির সোনা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় কুমিল্লা-বাগড়া সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন টিটু মিয়া।
একপর্যায়ে তিনি সড়কের পাশের জলাশয়ে ঝাঁপ দেন। পরে জলাশয় পেরিয়ে কাদাযুক্ত ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁর পিছু নিয়ে জলাশয়ে নেমে সাঁতরে ধানক্ষেতে পৌঁছে তাঁকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন