চট্টগ্রাম বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় যাত্রী মোহাম্মদ কামরুল ইসলামকে আটক করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান তিনি। পরে বিমানবন্দরে তল্লাশির সময় তাঁর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলামকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। পরে বিমানবন্দরের ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তাঁর ব্যাগেজ তল্লাশি করা হয়।
এ সময় ব্যাগেজে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের দণ্ড উদ্ধার করা হয়। এসব দণ্ডের ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া ওই যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িও উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের পরিমাণ ৫৬৬ গ্রাম, যার বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ও মূল্য নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন