হাসপাতালে দেরিতে এলে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: হুইপ দুলু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের সেবা না দিলে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শোকজ এবং প্রয়োজনে সাময়িক বরখাস্তসহ (সাসপেন্ড) কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার (১৮ অক্টোবর) সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
হাসপাতাল পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে হুইপ দুলু বলেন, সকাল ৮টার মধ্যে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকার কথা। কিন্তু সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেককে কর্মস্থলে পাওয়া যায়নি। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে অনুপস্থিত ব্যক্তিদের শোকজ করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের রোগী ও শয্যাসংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, হাসপাতালটির অনুমোদিত শয্যাসংখ্যা ১০০ হলেও বাস্তবে প্রায় ২৫০ শয্যার সক্ষমতা নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে সেখানে প্রায় ৯০০ রোগী ভর্তি রয়েছেন। সীমিত জনবল এবং বরাদ্দকৃত ওষুধ ও খাবার দিয়ে এত বিপুলসংখ্যক রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কঠিন।
তিনি আরও বলেন, ১০০ জনের খাবার ৯০০ রোগীর মধ্যে বণ্টন করতে গিয়ে অনেক রোগীই খাবার পাচ্ছেন না। এ পরিস্থিতির দ্রুত সমাধানে তিনি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের অপরিচ্ছন্ন বাথরুম ও সার্বিক পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হুইপ দুলু। হাসপাতাল প্রাঙ্গণ ও বাথরুম সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন