বিদ্যালয়ের মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, ভিডিও ভাইরাল
যোগফল প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে চান্দাই উচ্চ বিদ্যালয়ের মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বোতলের ভেতরে থাকা তরল পদার্থ মদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে নাচানাচি করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী নাচানাচি ও আনন্দ-উল্লাস করছে। এ সময় নীরব, ইউনুস ও মিতু নামের শিক্ষার্থীদের গানের তালে নাচার সময় হাতে মদের বোতল নিয়ে অভিনয় করতে দেখা যায়।
বোতলের ভেতরে মদসদৃশ তরল পদার্থ দেখা গেলেও সেটি আসলে মদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে সাদা গেঞ্জি পরে তাতে বিভিন্ন বাক্য লিখতেও দেখা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার নিয়মিত পাঠদানের শেষ দিনে বিকেল ৪টায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন। তাদের মধ্যে ২১ জন ছাত্র ও ৩৯ জন ছাত্রী। শিক্ষার্থীরা আনন্দ করতে গিয়ে এ কাজ করেছে। বিষয়টি তিনি পরে জানতে পেরেছেন। এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী জানান, বোতলের ভেতরে মদ ছিল নাকি অন্য কোনো তরল পদার্থ, তা তাঁরা জানেন না। কাউকে ওই তরল পান করতেও দেখেননি। তবে বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে এভাবে বোতল হাতে নিয়ে নাচানাচি করা ভুল হয়েছে বলে তাঁরা স্বীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন