রায়পুরে পূজামণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ডেকোরেটর কর্মীর মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে কামাল হোসেন (৪৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুজন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরের পূজামণ্ডপে ডেকোরেশনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে আক্রান্ত হন কামাল। পরে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কামাল বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন