শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের শৈলকুপায় বাড়ির গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম পলাতক রয়েছেন। তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে তাঁর ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মারামারির সময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ইসলাম, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মজিবুল ইসলামের মৃত্যু হয়। তাঁর আহত স্ত্রী ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, হত্যার ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক রবিউল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন