দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব
যোগফল প্রতিবেদক:
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
এর আগে গত শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে তথ্য জানতে সৌদি আরবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশের মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা। সরকার তাঁদের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দিয়েছে।
সৌদি আরবের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান শামা ওবায়েদ। পাশাপাশি তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন