ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্তকে গণপিটুনি; হাসপাতালে মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ভোলা সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হোসেন ম্যানেজার নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আসিফকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গুরুতর আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৮ অক্টোবর) ভোররাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিফের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজার প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেন স্থানীয় বাসিন্দা আসিফকে। এ নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর অতর্কিত হামলা চালান আসিফ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় লোকজন আসিফকে ঘিরে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, ছুরিকাঘাতে গুরুতর আহত হোসেন ম্যানেজারের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত আসিফের মা হালিমা বেগম বলেন, তাঁর ছেলে মাদকাসক্ত এবং হোসেন ম্যানেজারকে কুপিয়ে আহত করেছে—এ কথা সত্য। তবে এ কারণে তাঁকে হত্যা করা হবে কেন, এমন প্রশ্ন তুলে তিনি ঘটনার বিচার দাবি করেন।
স্থানীয় বিএনপি নেতা আবুল খায়ের বলেন, আসিফ মাদকাসক্ত ছিলেন এবং এর আগে একাধিকবার কারাগারে গিয়েছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হোসেন ম্যানেজারকে ছুরিকাঘাতের ঘটনায় বিক্ষুব্ধ লোকজন আসিফকে গণপিটুনি দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন