ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক পরিচয়ে যুবক আটক
যোগফল প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে মো. রাকিব নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। এ ঘটনায় শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তাঁকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাঁকে আটক করা হয়। আটক রাকিব বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার বিবরণে ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
চিকিৎসক পরিচয় দেওয়ার কারণ জানতে চাইলে রাকিব জানান, তাঁর ভাই অসুস্থ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দেন। এরপর আনসার সদস্যরা তাঁকে আটক করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগ থেকে আনসার সদস্যরা ওই যুবককে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পুরো বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। তাঁকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন