মোবাইল নম্বর ব্লক করায় দুই ছাত্রীকে মারধর ও জুতাপেটার অভিযোগ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের মুলাদীতে মোবাইল ফোন নম্বর ব্লক করায় কলেজের দুই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক সহপাঠী ও কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই ছাত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মুলাদী সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে দুই শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই ছাত্রীর সঙ্গে তাদের এক সহপাঠীর বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে কলেজে যাতায়াত করতেন। কয়েক দিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই ছাত্রী ওই সহপাঠীর মোবাইল ফোন নম্বর ব্লক করে দেন।
এতে ক্ষুব্ধ হয়ে ওই সহপাঠী বৃহস্পতিবার অন্য এক সহপাঠীর মাধ্যমে দুই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নেন। পরে ওই সহপাঠীর বড় বোন নাসরিন আক্তারসহ কয়েকজন বহিরাগত তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে দুই ছাত্রী জানান, হামলাকারীরা তাঁদের চুল ধরে টানাটানি করেন, পেটে লাথি মারেন এবং কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় তাঁদের জুতাপেটা করা হয় এবং পোশাক ধরে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
এ ছাড়া তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি কলেজে আসা ও পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগীরা।
গত শনিবার (১৭ অক্টোবর) নিরাপত্তা চেয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন দুই ছাত্রী। অভিযোগটি তদন্তে দুই শিক্ষকের সমন্বয়ে কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এবং তদন্ত কমিটির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন