খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক, ১৪৩৩

ফরিদপুর মেডিকেলে সাড়ে ২৩ কোটি টাকার যন্ত্র অব্যবহৃত, দুদকের অভিযানে নানা অনিয়ম

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফরিদপুর মেডিকেলে সাড়ে ২৩ কোটি টাকার যন্ত্র অব্যবহৃত, দুদকের অভিযানে নানা অনিয়ম

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কেনা দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসাযন্ত্র বছরের পর বছর অব্যবহৃত পড়ে রয়েছে। এর মধ্যে ক্যান্সার চিকিৎসার প্রায় সাড়ে ১৪ কোটি টাকার লিনিয়ার এক্সিলারেটর এখনো বাক্সবন্দি। অন্যদিকে, ৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা ক্যাথল্যাব প্রায় নয় বছরেও চালু হয়নি। যন্ত্র দুটি চালু না করেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো বিল পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া চিকিৎসাসামগ্রী কেনাকাটা, সিটিস্ক্যান ও এক্স-রে পরীক্ষা বন্ধ থাকা, সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া জমা এবং আউটসোর্সিংয়ে জনবল নিয়োগসহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে অনিয়মের তথ্য পেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক মো. মোস্তাফিজ। টানা দুই দিনের অভিযানে পাওয়া অনিয়মের তথ্য তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় দুদকের আট সদস্যের একটি দল। রোগীদের হয়রানি, দালাল চক্রের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, আউটসোর্সিংয়ে নিয়োগ, কেনাকাটা এবং অন্যান্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

বাক্সবন্দি ক্যান্সার চিকিৎসার যন্ত্র

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২০১৬-১৭ অর্থবছরে হাসপাতালের ক্যান্সার ইউনিটের জন্য প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে একটি লিনিয়ার এক্সিলারেটর আনা হয়। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করেই যন্ত্রটি কেনা হয়। ফলে দীর্ঘদিন ধরে এটি বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে।

একই অর্থবছরে কার্ডিওলজি বিভাগের জন্য ৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে একটি ক্যাথল্যাব স্থাপন করা হলেও সেটি এখনো চালু হয়নি। দুদকের ভাষ্য অনুযায়ী, যন্ত্র দুটি কার্যকর না করেই সংশ্লিষ্ট দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো অর্থ পরিশোধ করা হয়েছে।

দুদক কর্মকর্তা মো. মোস্তাফিজ বলেন, এসব ঘটনায় সরকারি অর্থের অপচয় হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো অধিকতর যাচাই-বাছাই করে দায়ীদের চিহ্নিত করার পর ব্যবস্থা নেওয়া হবে।

ওষুধ কেনাকাটায় তথ্যের গরমিল

হাসপাতালের এমএসআর বা চিকিৎসাসামগ্রী কেনাকাটায়ও তথ্যের গরমিল পেয়েছে দুদক। অভিযানে ফেব্রিক্স নামের একটি ওষুধের ৭৬২ বোতল ঘাটতি এবং হেক্সাটন নামের ওষুধের অতিরিক্ত বোতল পাওয়া গেছে।

বিষয়টিকে অস্বাভাবিক উল্লেখ করে দুদক কর্মকর্তা জানান, এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে হাসপাতালের সিটিস্ক্যান ও এক্স-রে পরীক্ষা বন্ধ থাকার বিষয়েও অনুসন্ধান করেছে দুদক। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এমএসআর কেনার কার্যাদেশে সিটিস্ক্যান ও এক্স-রে ফিল্ম অন্তর্ভুক্ত থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেগুলো সরবরাহ করেনি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এসব সামগ্রী বাদে বাকি পণ্যের বিল পরিশোধ করা হয়েছে।

এ ঘটনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা।

অ্যাম্বুলেন্সের ভাড়া জমা না হওয়ার অভিযোগ

হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া আদায় নিয়েও অনিয়মের তথ্য পেয়েছে দুদক। অনুসন্ধানে দেখা গেছে, গত এক মাসে অ্যাম্বুলেন্স ভাড়ার কোনো অর্থ জমা হয়নি।

দুদক কর্মকর্তা জানান, হাসপাতালে পাঁচটি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে দুটি নষ্ট এবং বাকি তিনটি চালু। তবে চালু অ্যাম্বুলেন্সগুলো থেকে ভাড়া আদায় হলেও সেই অর্থ জমা পড়েনি বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। বিষয়টিতে অনিয়মের ইঙ্গিত রয়েছে।

পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ-সংক্রান্ত নথিপত্রও সংগ্রহ করেছে সংস্থাটি।

মো. মোস্তাফিজ বলেন, অভিযানে পাওয়া প্রতিটি অনিয়মের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথি বিশ্লেষণ করে দায় নির্ধারণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রধান কমিশনারের কাছে পাঠানো হবে।

অভিযোগের বিষয়ে যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

দুদকের অভিযানে উঠে আসা অনিয়মের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক ও ভারপ্রাপ্ত পরিচালক মানষ কৃষ্ণ কুন্ডু বলেন, দুদক যেসব তথ্য ও নথিপত্র চেয়েছে, সেগুলো দিয়ে তাঁরা সহযোগিতা করেছেন। চিকিৎসাযন্ত্র দুটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

তবে অ্যাম্বুলেন্সের ভাড়া জমা না হওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। এমএসআর কেনাকাটায় কোনো অনিয়ম হয়েছে কি না, সে বিষয়ে তাঁর জানা নেই বলেও জানান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক।

দুদক জানিয়েছে, সংগ্রহ করা নথিপত্র পর্যালোচনা শেষে অনিয়মের সঙ্গে কারা জড়িত, তা নির্ধারণ করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ছবি যোগফল

সিমান্ত তালুকদার ।  কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাগড়া নোয়াপাড়া এলাকায় থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর কুমিল্লা থেকে বাগড়াগামী পাকা সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো: টিটু ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকার ওহিদ মেম্বারের বাড়ির সোনা মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধার পর উপজেলার বাগড়াগামী পাকা সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে ৬ কেজি গাজাসহ টিটু নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডব্লিউএইচওর পদ পেতে তথ্য জালিয়াতির অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডব্লিউএইচওর পদ পেতে তথ্য জালিয়াতির অভিযোগ, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যোগফল প্রতিবেদক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে ব্যক্তিগত বৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তদন্তে বলা হয়েছে, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার উদ্দেশ্যে সংস্থাটিতে জমা দেওয়া ব্যক্তিগত বৃত্তান্তে সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘সম্মানিত বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করার মিথ্যা ও বানোয়াট তথ্য দেন সায়মা ওয়াজেদ।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার জন্য ওই তথ্য ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট নথি পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে ব্যক্তিগত বৃত্তান্ত ডব্লিউএইচওর সদর দপ্তরে পাঠানো হয়।

তদন্তে দাবি করা হয়েছে, ওই তথ্য ব্যবহার করেই ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সায়মা ওয়াজেদ। এসব কর্মকাণ্ডকে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সুনাম ক্ষুণ্ন করা এবং অপরাধমূলক অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে দুদক।

এ ঘটনায় গত বছরের ২০ মার্চ দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং-১ শাখার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে দণ্ডবিধির ৪০৯ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। তবে চার্জশিটে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়া সাপেক্ষেই তাঁর দায় নির্ধারিত হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

যোগফল প্রতিবেদক:

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে। সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব ছাড়ার পর নতুন নেতৃত্ব ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি।

এশিয়ান গেমসের আগেই নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমসই ছিল অধিনায়ক হিসেবে তাঁর শেষ টুর্নামেন্ট। তাঁর জায়গায় এবার নেতৃত্বের দায়িত্ব পেলেন দলের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা ইতোমধ্যে দেশের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ নারী দলের হয়ে ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩২টি উইকেট নিয়েছেন তিনি।

অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া সোবহানা মোস্তারিও ব্যাট হাতে ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি।

সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করা বাংলাদেশি নারী ব্যাটারদের বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন সোবহানা। নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের পর বাংলাদেশের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

নতুন নেতৃত্বে বাংলাদেশ নারী দলের সামনে পরবর্তী চ্যালেঞ্জ আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন প্রতিযোগিতায় নাহিদা ও সোবহানার নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম