খাবারের জন্য আকুতি জানানো সাজু শেখের স্ত্রী নূরজাহান আর নেই
ছবি সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮০ বছর বয়সী সাজু শেখের এই আকুতি কাঁদিয়েছিল অসংখ্য মানুষকে। অসুস্থ স্ত্রীকে বাঁচিয়ে রাখতে খাবার ও চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর মারা গেছেন তার জীবনসঙ্গী নূরজাহান বেগম (৭৫)। স্ত্রীকে হারিয়ে এখন আরও অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ সাজু শেখ।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন নূরজাহান বেগম। ওই দিন বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে ছিলেন নূরজাহান। রোববার দুপুরে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকে চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। কিন্তু অভাবের সংসারে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার সামর্থ্য ছিল না পরিবারের। অসুস্থ স্ত্রীর সেবা-যত্ন করতে গিয়ে নিজেও চরম সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতে হিমশিম খেতে হতো তাদের।
প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনে সাজু শেখ ও নূরজাহান বেগমের তিন মেয়ে ও তিন ছেলে রয়েছে। তিন মেয়েরই বিয়ে হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজ নেন। তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝেমধ্যে খোঁজখবর রাখেন। আরেক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে দুয়েকবার বাড়িতে আসেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের দৃশ্য ছুঁয়ে যায় দেশজুড়ে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। তাদের কাছে পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও।
তবে সহায়তা পাওয়ার পরও বার্ধক্য, অসুস্থতা ও অভাবের সঙ্গে তাদের লড়াই থামেনি। শেষ পর্যন্ত স্ত্রীকে হারিয়ে দীর্ঘদিনের সঙ্গীকে ছাড়াই এখন বাকি জীবন কাটাতে হবে সাজু শেখকে। ছয় দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসানে তার জীবনে নেমে এসেছে আরও গভীর একাকিত্ব।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন