দামুড়হুদায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, ডিলারের বিরুদ্ধে মামলা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সার ডিলার নাঈম হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার বিএডিসির সার ডিলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর একটি গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় গুদামে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিপুল পরিমাণ সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে গুদামটি সিলগালা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় মজুত করা সারের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ডিলার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএডিসির সার ডিলারের গুদামে যৌথ অভিযান চালিয়ে তিন ধরনের ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ডিলার। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, অবৈধভাবে সার মজুতের দায়ে নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন