ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ আটক ৩
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ-নেওয়াজ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে আটক তিনজনকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন