‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে ফিরতে পারেন জনি ডেপ
ছডিব সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ বিরতির পর আবারও আইকনিক চরিত্র ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে পর্দায় ফিরতে পারেন হলিউড অভিনেতা জনি ডেপ। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ কিস্তিতে তার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার নিজেই সেই জল্পনায় ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।
নতুন সিনেমা ‘ইবেনেজার’-এর প্রচারণায় অংশ নিয়ে জনি ডেপ জানান, ফ্র্যাঞ্চাইজির মূল প্রযোজক জেরি ব্রুকহেইমারের অনুরোধে তিনি আবারও জলদস্যুর পোশাকে পর্দায় হাজির হতে পারেন।
এর আগে আইনি জটিলতা এবং ডিজনি স্টুডিওর সঙ্গে দূরত্বের কারণে ডেপ জানিয়েছিলেন, তিনি আর এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন না। তবে এবার তিক্ততা ভুলে ফেরার বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজে ফিরতে শর্ত দিয়েছেন এই অভিনেতা। তার মতে, ফ্র্যাঞ্চাইজির একটি সুন্দর ও সম্মানজনক সমাপ্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটিকে ইতিবাচক বার্তার মধ্য দিয়ে বিদায় জানাতে হবে।
গত বছর প্রযোজক জেরি ব্রুকহেইমারও জনি ডেপের ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, চিত্রনাট্য পছন্দ হলে ডেপ কাজ করতে রাজি হতে পারেন। সিনেমাটি নির্মাণের পরিকল্পনা থাকলেও এখনো চূড়ান্ত চিত্রনাট্য তৈরি হয়নি। তবে তারা সেই লক্ষ্যের কাছাকাছি রয়েছেন।
২০০৩ সালে গোর ভারবিনস্কি পরিচালিত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। প্রথম কিস্তিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অরল্যান্ডো ব্লুম (উইল টার্নার) ও কেইরা নাইটলি (এলিজাবেথ সোয়ান)।
এরপর ২০০৬ সালে ‘ডেড ম্যানস চেস্ট’ এবং ২০০৭ সালে ‘অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’ সিনেমায় একই চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান তিনি। পরবর্তী সময়ে ২০১১ সালে ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ এবং ২০১৭ সালে ‘ডেড মেন টেল নো টেলস’ সিনেমায় দেখা যায় তাকে।
এখন ষষ্ঠ কিস্তিতে আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে জনি ডেপকে দেখা যাবে কি না, তা নির্ভর করছে চিত্রনাট্য ও নির্মাণসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন