টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি জব্দ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত এফডিএমএন ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে।
গত ৫ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও মানব পাচারকারী দলের সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত এবং মাদক ও মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে চক্রটির সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত ডাকাত এবং সশস্ত্র মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন