এনসিপির সব পদ ও সদস্যপদ ছাড়ার ঘোষণা জহিরুল ইসলামের
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মো. জহিরুল ইসলাম দলটির সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ সিদ্ধান্তের কথা জানালেও এর পেছনে আরও কিছু কারণ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দল ছাড়ার ঘোষণা দেন জহিরুল ইসলাম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। দলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তবে কী কারণে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, ব্যক্তিগত কারণের বাইরেও কিছু কারণ রয়েছে, যা পরে জানাবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মামুন হোসেন জানিয়েছেন, এ বিষয়ে তারা কোনো লিখিত নির্দেশনা বা পদত্যাগপত্র পাননি।
তিনি বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে ওই নেতা এখনো পদত্যাগের বিষয়ে কিছু জানাননি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন