ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক হত্যা মামলাও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে ধর্ষণ মামলা এ সিদ্ধান্তের বাইরে থাকবে। নির্ধারিত ফরমে আবেদন করা হলে এবং যাচাই-বাছাইয়ে মামলা রাজনৈতিক প্রকৃতির বলে প্রমাণিত হলে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী বলেন, ধর্ষণ মামলা ছাড়া অন্য যেকোনো ধরনের মামলা, এমনকি হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে এবং যাচাই-বাছাইয়ে তা প্রমাণিত হলে প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্তের সুযোগ নেই।
তিনি বলেন, কোনো মামলার এজাহারে রাজনৈতিক মামলা হিসেবে উল্লেখ থাকে না। এ কারণে রাজনৈতিক নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।
সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তার বিরুদ্ধেও কোনো মামলা থাকলে দ্রুত আবেদন করতে পারেন। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি। আদালতের মাধ্যমেই তাদের মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে।
এর আগে জয়নুল আবদিন ফারুক সংসদে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছিল। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ থাকাকালে একই দিনে দেশের ৬৪টি জেলায় তার বিরুদ্ধে ৬৪টি মামলা করা হয়। এসব মামলা এখনও প্রত্যাহার হয়নি উল্লেখ করে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবি জানান।
প্রত্যাহার হয়েছে ২৪ হাজার ১৩টি মামলা
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি এবং আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
জেলা কমিটিগুলো আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে।
আইনমন্ত্রী বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আবেদন ও সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আবেদনে ত্রুটি, জামায়াতের কিছু মামলা প্রত্যাহার হয়নি
নির্ধারিত নিয়মে আবেদন না করায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে জামায়াতে ইসলামীর কিছু রাজনৈতিক মামলা প্রত্যাহার করা যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
কেরামত আলীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই অঞ্চলে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে করা মামলাগুলোর আবেদন নির্ধারিত নিয়মে জমা দেওয়ায় সেগুলো প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের আবেদনগুলো যথাযথভাবে পূরণ না করায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে দলটির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানান তিনি।
জুলাই-পরবর্তী ১ হাজার ৮৮৩ মামলার তদন্ত চলছে
সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৮৩টি মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে হত্যা মামলা ৮০৫টি এবং অন্যান্য ধারায় মামলা ১ হাজার ৭৮টি। এসব মামলার মধ্যে ২৯৩টির তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ৯৮টি।
অন্যদিকে, ঘটনাস্থল-সংক্রান্ত কারণে সঠিক থানায় মামলা না হওয়া এবং একই ঘটনায় একাধিক মামলা দায়েরের কারণে ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত চলছে।
আইনমন্ত্রী বলেন, মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতে পুলিশ বিভাগ কাজ করছে। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮ মামলার রায়
আইনমন্ত্রী জানান, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭৯টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে আটটি মামলার পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
এসব মামলায় মোট ৭৩ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪৫টি মামলা তদন্তাধীন রয়েছে।
দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা বাধ্যতামূলক
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, জমির মালিকানা, সীমানা, দখল ও উত্তরাধিকার নিয়ে দীর্ঘদিনের দেওয়ানি বিরোধ দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে।
সংসদের প্রথম অধিবেশনে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬’ পাসের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’-এ উন্নীত করা হয়েছে।
সংশোধিত আইনে তফসিলভুক্ত নয়টি আইনের আওতায় উদ্ভূত বিরোধের ক্ষেত্রে আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার উদ্যোগ বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যস্থতায় সমঝোতা হলে চিফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রত্যয়িত চুক্তি আদালতের রায়ের সমান কার্যকর হবে।
বর্তমানে ৩০টি জেলায় এ কার্যক্রম চালু রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোতে আদালতে নিয়মিত মামলা দায়েরের হার ৬২ দশমিক ০৮৩ শতাংশ কমেছে বলে জানান আইনমন্ত্রী।
তিনি আরও জানান, বিচারব্যবস্থার সক্ষমতা বাড়াতে দেশে ৫৩৬টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২০০ জনকে সিভিল জজ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। তাদের নিয়োগের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিচারব্যবস্থাকে ডিজিটাল করতে ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্পের প্রস্তাবও পরিকল্পনা কমিশনে পুনরায় পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে প্রত্যেক আদালতে ই-কোর্ট রুম স্থাপন এবং ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা সম্ভব হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন