লিবিয়ায় জিম্মি ছেলেকে উদ্ধারে ৪২ লাখ টাকা দাবি, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন ৭০ বছর বয়সী বাবা আব্দুস সামাদ। কিন্তু টাকা নিয়েও ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ করিয়ে দেয়নি অপহরণকারীরা। পরে আবারও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর টাকা দেবেন না বলে জানিয়ে দেন অসহায় বাবা। এরপর থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ।
জিম্মি ওই যুবকের নাম মো. সাইফুল (৩৯)। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন। এরপর থেকে তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পায়নি পরিবার।
এ ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামে। শুক্রবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাইফুল পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় বিদেশে গিয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল আসে। ফোনে জানানো হয়, সাইফুলকে আটকে রাখা হয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়। মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলেও জানায় অপহরণকারীরা।
সন্তানের জীবন বাঁচাতে টাকা জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকানের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে পাঁচ লাখ টাকা পাঠান স্বজনরা। তাদের আশা ছিল, অন্তত কিছু টাকা দেওয়ার পর ছেলের সঙ্গে কথা বলার সুযোগ মিলবে। কিন্তু টাকা নেওয়ার পরও পরিবারের সঙ্গে সাইফুলের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি চক্রটি।
এরপর সোহেল নামে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে নিজেই লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে আনবেন। এ আশ্বাসে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদকে ফোন করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে ৪২ লাখ টাকা দাবি করা হয়। ফোনে জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। তাদের কাছ থেকেই বাবার মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে।
একবার পাঁচ লাখ টাকা দিয়েও ছেলের কোনো খোঁজ না পাওয়ায় নতুন করে টাকা দিতে অস্বীকৃতি জানান আব্দুস সামাদ। ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে আর কোনো কল আসেনি।
ছেলের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন আব্দুস সামাদ। গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন তিনি। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির টিএইচবি শাখা।
তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি সাইফুলকে উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন সাইফুল। কিন্তু দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ আর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এখনো ছেলের জীবিত ফিরে আসার অপেক্ষায় রয়েছেন বৃদ্ধ বাবা আব্দুস সামাদ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন