আধুনিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটার
বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটার
মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ প্রতিনিধি
আসন্ন বেলকুচি উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দল ও দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার। সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক, সুশৃঙ্খল ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সম্প্রতি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে তার একটি নিবিড় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দলীয় মনোনয়ন এবং ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
নির্বাচিত হলে আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি যেসব বিষয় তুলে ধরেন, তা নিচে উল্লেখ করা হলো:
অবকাঠামোগত উন্নয়ন ও তাঁতশিল্পের প্রসার: ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি, ঐতিহ্যবাহী তাঁতশিল্প সমৃদ্ধ এই জনপদের তাঁতীদের স্বার্থরক্ষা, কাঁচামালের সহজলভ্যতা এবং এ শিল্পের আধুনিকায়ন ও প্রসারে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
কৃষি ও কৃষকের উন্নয়ন: ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ভৌগোলিক সীমানার অধিকাংশ এলাকা কৃষি নির্ভরশীল হওয়ায় প্রান্তিক কৃষকদের কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের জন্য সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার মানোন্নয়ন: একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে কাজ করা হবে। ঝরে পড়া রোধ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।
সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে কিশোরদের খেলাধুলার মাধ্যমে মনোযোগী ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে সন্ত্রাস ও মাদক নির্মূলের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দোরগোড়ায় স্বাস্থ্যসেবা: সাধারণ মানুষের মৌলিক চাহিদা হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আরও সচল ও আধুনিক করা হবে, যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই তাদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন।
সবশেষে, মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার দলমত নির্বিশেষে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন