নিলামে রোনালদিনহোর ঐতিহাসিক জার্সি, দাম ছাড়াল ৩ লাখ ৬৬ হাজার টাকা
যোগফল প্রতিবেদক:
দীর্ঘ ১১ বছর পর পেশাদার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে বিশ্বজুড়ে ভক্তদের নস্টালজিয়ায় ভাসিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনা এফসির হয়ে মাঠে নামার সময় তার পরা জার্সিটি এবার নিলামে তোলা হয়েছে। ইতোমধ্যে জার্সিটির দাম ১৭ হাজার ব্রাজিলিয়ান রিয়াল ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকা।
খেলোয়াড়দের ব্যবহৃত সামগ্রী বিক্রির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ম্যাচওর্নশার্ট’ ও রাভেনা এফসির যৌথ উদ্যোগে এ নিলামের আয়োজন করা হয়েছে। গত ১৫ নভেম্বর শুরু হওয়া নিলাম চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। রোনালদিনহোর পরা জার্সিটি নিলামের সবচেয়ে আকর্ষণীয় সামগ্রী হিসেবে জায়গা করে নিয়েছে।
এ পর্যন্ত ব্রাজিলসহ আটটিরও বেশি দেশের ফুটবলপ্রেমী ও সংগ্রাহক জার্সিটির জন্য দর হাঁকিয়েছেন। ফলে নিলাম ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
শুধু ম্যাচে পরা জার্সিই নয়, নিলামে রয়েছে রোনালদিনহোর ব্যবহৃত শর্টস, মোজা, বুট, ওয়ার্ম-আপ শার্ট, হেডব্যান্ড ও ম্যাচের আগে পরা জ্যাকেট। এ ছাড়া তার অটোগ্রাফযুক্ত একটি মিনি-বল এবং রাভেনা এফসির বিশেষ সংস্করণের টি-শার্টও রাখা হয়েছে সংগ্রহে।
গত রোববার ৪৬ বছর বয়সী এই ব্রাজিলীয় তারকা রাভেনা এফসির হয়ে মাঠে নেমে ৪৫ মিনিট খেলেন। সরাসরি গোল না করলেও সতীর্থকে দিয়ে একটি গোল করিয়ে নিজের চিরচেনা নৈপুণ্যের পরিচয় দেন তিনি।
ম্যাচের পর আবারও রাভেনার হয়ে রোনালদিনহোর মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ক্লাবটির প্রেসিডেন্ট ইগনাজিও সিপ্রিয়ানি ও ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইডার মন্তব্যের পর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—রোনালদিনহো কি আবারও নিয়মিত ফুটবলে ফিরছেন?
তানজিলা আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন