খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোহেল ও স্বপ্নার আপিল এবং ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেছেন, শিশু রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক পদ্ধতিতে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। একই সঙ্গে দ্রুত বিচারপ্রক্রিয়া নিয়ে আদালত বলেন, এক দিনে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ অস্বাভাবিক হলেও এ মামলায় ন্যায়বিচারের কোনো ব্যত্যয় ঘটেনি।

সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখার কারণ

রায়ে হাইকোর্ট বলেন, শিশু রামিসাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছায় দেওয়া হয়েছে বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে।

অন্যান্য সাক্ষ্য-প্রমাণের সঙ্গে এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেলের দায় প্রতিষ্ঠিত বলে মনে করেছেন। এ অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

স্ত্রী স্বপ্নাকে খালাস

স্বপ্না খাতুনের বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার ঘটনায় তার স্ত্রীর সম্পৃক্ততার কথা উল্লেখ নেই। অন্যান্য সাক্ষ্য-প্রমাণেও মূল অপরাধে স্বপ্নার অংশগ্রহণ প্রমাণিত হয়নি।

স্বামীকে পালাতে সহযোগিতা করার অভিযোগ থাকলেও তা দিয়ে ধর্ষণ ও হত্যায় সরাসরি সম্পৃক্ততা প্রতিষ্ঠা করা যায় না। এ বিবেচনায় স্বপ্নাকে খালাস দিয়েছেন আদালত।

দ্রুত বিচার নিয়ে আদালতের পর্যবেক্ষণ

বিচারপ্রক্রিয়ার গতি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ নীতির কথা উল্লেখ করেছেন হাইকোর্ট। একটি হলো, ‘জাস্টিস হারিড জাস্টিস বারিড’—তাড়াহুড়ো করে বিচার সম্পন্ন করতে গিয়ে অনেক সময় ন্যায়বিচার ব্যাহত হতে পারে। অন্যটি হলো, ‘জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড’—বিচার বিলম্বিত হলে তা ন্যায়বিচার অস্বীকারের শামিল।

আদালত মনে করেন, বিচারপ্রক্রিয়ায় এ দুটি নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণকে অস্বাভাবিক উল্লেখ করলেও সংশ্লিষ্ট বিচারক তাঁর দক্ষতা ও সক্ষমতার মাধ্যমে এমনটি করে থাকতে পারেন বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।

একই সঙ্গে আদালত স্পষ্ট করেছেন, এ মামলায় দ্রুত বিচার সম্পন্ন হলেও কোনো ধরনের ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা ন্যায়বিচারের ব্যত্যয় ঘটেনি। অর্থাৎ দ্রুত বিচারপ্রক্রিয়ার কারণে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হননি।

সোহেলের অপরাধ প্রমাণিত যেভাবে

রায়ের পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, গ্রেপ্তারের পর সোহেল রানা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনা স্বীকার করেন। আদালত তাঁর জবানবন্দির পাশাপাশি নিহত শিশুর বাবা, মা, বোন ও প্রতিবেশীদের সাক্ষ্য বিবেচনায় নিয়েছেন। এসব সাক্ষ্য-প্রমাণে রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেলের দায় প্রতিষ্ঠিত হয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানান, ২০২৬ সালের ১৯ মে পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং পরে নৃশংসভাবে হত্যা করেন। হত্যার পর শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে বালতির মধ্যে রাখা হয়। মরদেহের শরীর খাটের নিচে রাখা হয়েছিল। দুই হাত প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এসব নৃশংসতার বিষয়ও আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।

স্বপ্নার খালাসের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত পরে

স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, ঘটনার সময় স্বপ্না দরজা খুলে দিলে হয়তো রামিসাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। দীর্ঘ সময় দরজা বন্ধ রাখা এবং পরে গ্রিল কেটে স্বামীকে পালাতে সহযোগিতা করার বিষয়টিও আদালতে তুলে ধরা হয়েছিল। তবে আদালত মনে করেছেন, এসব অভিযোগ দিয়ে ধর্ষণ ও হত্যায় তাঁর সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয় না।

তিনি আরও বলেন, সোহেলের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের বক্তব্য আদালত গ্রহণ করলেও স্বপ্নার সম্পৃক্ততার বিষয়ে তাদের যুক্তি গ্রহণ করেননি। স্বপ্নার খালাসের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে সরকারের মতামত নেওয়া হবে। পাশাপাশি নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯ দিনে নিম্ন আদালতে বিচার

মামলাটির বিচারপ্রক্রিয়ার সময়কাল তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ১৯ মে ২০২৬ রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। পরদিন ২০ মে মামলা হয়। চার দিনের মাথায় ২৩ মে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২৪ মে মামলাটি সেশন আদালত থেকে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন।

২ জুন ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরদিন ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়। ৪ জুন যুক্তিতর্ক শুনানি শেষে ৭ জুন রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। অর্থাৎ ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে নিম্ন আদালতে বিচার শেষ হয়।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, নিম্ন আদালতের রায়ের পর মাত্র চার মাস ১০ দিনের মাথায় হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টে প্রায় দুই মাস নিয়মিত ছুটি ছিল। শিশু নির্যাতন দমন আইনে দণ্ডিত ব্যক্তির হাইকোর্টে আপিলের জন্য ৬০ দিনের সুযোগ রয়েছে। আসামিরা যেন আইনে দেওয়া সেই সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে রাষ্ট্রপক্ষ নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেছে। এরপর আপিল ও ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেওয়া হয়।

আপিল বিভাগেও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

সোহেল রানার মৃত্যুদণ্ড কার্যকরের আগে আরও আইনি প্রক্রিয়া বাকি রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, সংবিধানের ১০৩ অনুচ্ছেদের ২(খ) উপদফা অনুযায়ী হাইকোর্ট কোনো মৃত্যুদণ্ড বহাল রাখলে সংশ্লিষ্ট আসামির আপিল বিভাগে আপিল করার সাংবিধানিক অধিকার রয়েছে। আপিল বিভাগের বিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। হাইকোর্টে সোহেল ও স্বপ্না দুজনই কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেছিলেন। সোহেলকেও আপিল করার সাংবিধানিক সুযোগ দেওয়া হবে।

আপিল বিভাগেও মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুন, মেজর সিনহা হত্যা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও বিশ্বজিৎ হত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য নেওয়া হয়েছে। রামিসা হত্যা মামলার ক্ষেত্রেও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত আপিল নিষ্পত্তি এবং রায় কার্যকরের বিষয়ে রাষ্ট্রপক্ষ উদ্যোগ নেবে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। রায়ের পর তিনি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার একই বেঞ্চে শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শুনানি শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

যেভাবে ঘটেছিল রামিসা হত্যাকাণ্ড

মামলার নথি অনুযায়ী, রামিসার বাবা পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

২০২৬ সালের ১৯ মে সকালে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ ও আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শেষে ৭ জুন রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে তা আদায়ের নির্দেশও দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি কারাগার থেকে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ*ত্যা*র রহস্য, আট দিনেও গ্রে*প্তা*র নেই

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ*ত্যা*র রহস্য, আট দিনেও গ্রে*প্তা*র নেই

ছবিতে নি*হ*ত নুহা

গিয়াস রনি ।। নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জের সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।

নিহত শিশুটির স্বজনেরা বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

যোগফল প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মো. সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এর আগে সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যার কিছুক্ষণ আগে সাঈদ খোকনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে কিশোর মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (রমনা জোনাল টিম) পরিদর্শক মো. সুজন হক। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সরকারের পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার তথ্য তদন্তে উঠে এসেছে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে অন্যান্য আসামির পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্থান ও তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। পাশাপাশি অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, সাঈদ খোকনের আশ্রয়দাতা, বর্তমান আস্তানা এবং দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় কিশোর আব্দুল মোতালিব। এ সময় তার বুকে ও গলায় গুলি লাগে। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

ছবি যোগফল সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার সোলাদানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ ও পাইকগাছা থানা পুলিশ, খুলনা।

অভিযানকালে জব্দ করা আনুমানিক ৪ লাখ চিংড়ির পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।