তরুণদের দেওয়া পাঞ্জাবি পরে সংসদে হাদি হত্যার বিচার চাইলেন এমপি মাসুদ
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
এলাকার তরুণ ও কিশোরদের দেওয়া পাঞ্জাবি পরে জাতীয় সংসদে হাজির হয়ে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তরুণদের মা-বাবার কাছ থেকে জমানো চাঁদার টাকায় কেনা পাঞ্জাবিটি পরে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।
সংসদে বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তিনি যে পাঞ্জাবি পরে সংসদে এসেছেন, সেটি এলাকার কয়েকজন তরুণ ও কিশোর তাদের মা-বাবার কাছ থেকে চাঁদা তুলে কিনে দিয়েছেন। পাঞ্জাবিটি দেওয়ার সময় তারা অনুরোধ করেছিলেন, সংসদে যেন আবারও শরিফ ওসমান হাদির হত্যার বিচারের বিষয়টি তুলে ধরা হয়।
সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া সম্মিলিত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শরিফ ওসমান হাদি যে কথাগুলো বলে গেছেন, তার প্রতিটি লাইন বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। পাঞ্জাবিটি পরে সংসদে আসার সময় তরুণদের চোখের অশ্রুভেজা চেহারা এখনো তাঁর চোখের সামনে ভাসছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তাঁর গায়ে থাকা পাঞ্জাবিটি শুধু একটি পোশাক নয়, বরং লাখো তরুণের আবেগ ও প্রত্যাশার প্রতীক। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের দ্বিতীয় অংশে নিজের নির্বাচনি এলাকা বাউফলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ নদীভাঙনের চিত্র তুলে ধরেন সংসদ সদস্য মাসুদ। তিনি বলেন, নদীভাঙনের কারণে বাউফলের ভৌগোলিক অবস্থান ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নদীভাঙনে শুধু জমিই বিলীন হয় না, এর সঙ্গে মসজিদ, মন্দির, মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানাসহ মানুষের সর্বস্ব হারিয়ে যায়।
ভাঙনকবলিত বাউফলবাসীকে রক্ষায় জিও ব্লক ও ডাম্পিংয়ের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি। এ বিষয়ে ইতোমধ্যে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং মন্ত্রী আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।
বাউফলের ধুলিয়া, কালাইয়া, কাছিপাড়া এবং বিচ্ছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপসহ সব ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের আওতায় আনার জন্য পানিসম্পদমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর আহ্বান জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।
তানজিলা আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন