ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৪ আহত ৩৫
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ইরাকের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, দেশটির হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর তা আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ ছাড়া আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ির দৃশ্যও দেখা যায়। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
তবে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধান করছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন