মানবিক সহায়তা পেতে ১২ শর্তের ৪টি পূরণ করলেই যোগ্য
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা পাওয়ার যোগ্যতা ও বিতরণব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি পূরণ করলেই কোনো পরিবারকে সরকারি মানবিক সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
নতুন নির্দেশিকায় ভিজিএফ, সাধারণ ত্রাণ (জিআর), খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র এবং ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত তালিকা প্রণয়ন এবং যাচাই-বাছাইয়ের নিয়মও নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। তালিকা বা সহায়তা নিয়ে কোনো আপত্তি উঠলে তা সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
এসব বিধান রেখে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্বাভাবিক সময়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, সাময়িক খাদ্যসংকটে থাকা দরিদ্র জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত পরিবার এ সহায়তা পাবে। প্রয়োজনে সরকার অন্য ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠীকেও কর্মসূচির আওতায় আনতে পারবে।
১২ শর্তের চারটি পূরণ করতে হবে
দুস্থ ও অতিদরিদ্র পরিবার শনাক্ত করতে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত চারটি মানদণ্ড পূরণ করলে সংশ্লিষ্ট পরিবারকে মানবিক সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
সরকারের নতুন নির্দেশিকায় সুবিধাভোগী নির্বাচন থেকে শুরু করে সহায়তা বিতরণ ও অভিযোগ নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে নির্দিষ্ট নিয়ম অনুসরণের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন