খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

দ্বিতীয় দিনেও জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২:২৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দ্বিতীয় দিনেও জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর দ্বিতীয় দিনের মতো পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলার কথা রয়েছে।

প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালাতে কেন্দ্রটিকে আবার জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।

শুরুতে কেন্দ্রটির প্রথম ইউনিট ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রতিদিন প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এদিকে দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। আগামী বছর এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। তবে দুটি ইউনিট পরিচালনায় কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য মোট ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। অর্থাৎ প্রতিটি ইউনিটে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। বিরতির পর আবার ১০ থেকে ১৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে।

এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবার পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল অপারেশন শেষ হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ যুক্ত করলেই বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু হয়ে যায় না। এটি মূলত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা। প্রথমবার বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করে এর কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের কাজ এগিয়ে নেওয়া হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা আরও জানান, ফার্স্ট গ্রিড কানেকশন হলো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় সঞ্চালনব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সংযোগের অর্থ কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে চলে গেছে, এমন নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার শুরুর পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার

ছবি সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম ।।গোপালগঞ্জ জেলা সংবাদদাতা


গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও  নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেবাবার রাতে বিজিবি গোপালগঞ্জে গণহত্যা চালাবে বলে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি পোস্ট দেওয়া হয়। তারপর গোপালগঞ্জ শহর , আশপাশের ইউনিয়ন  মাঝিগাতী, কাঠি, দুর্গাপুর, রঘুনাথপুর, লতিফপুর, হরিদাসপুর, চন্দ্রদীঘলিয়া সহ বিভিন ইউনিয়নে মসজিদ ও মাইকে ঘোষণা দিয়ে সবাইকে এটি প্রতিহত করার আহবান জানানো হয়। রাত ১০ টার পর লাঠি-সোটা, রামদা, হকিস্টিক টেটা, ঢাল, সড়কি সহ দেশীয় অস্ত্র নিয়ে হাজার-হাজার মানুষ বেড়িয়ে পড়েন। তারা শো-ডাইন করেন। কিন্তু এতে কোন সহিংস ঘটনার খবর পাওয়া্ যায়নি। 

তবে জনতাকে প্রসমিত করতে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা বিজিবিকে জড়িয়ে দেওয়া ফেসবুক পোস্ট ভুয়া বলেও তাদের আইডি থেকে পোস্ট দেওয়া হয়। সেদিকে কেউ নজর দেননি। বরং গুজবে কান দিয়ে তারা মাঝরাত পর্যন্ত রাস্তায় শো-ডাউন করেন। পরে রাত ১২ টার দিকে তারা ঘরে ফিরে যান।

এ নিয়ে জেলা আইন শৃংখলা পরিস্থিতিতে কোন প্রভাব পড়েনি। জেলা সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে। জেলার সব রুটে যানবাহন চলাচল করছে। এখান থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। অফিস, আদালত, ব্যাংক বীমায় স্বাভাবিক কাজকর্ম চলছে। জেলার সব বিপণী বিতান ও ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসছে। তবে চাপা আতংকে শহরে মানুষের সমাগম কম। ব্যবসা প্রতিষ্ঠানে কেনা-বেচা কমে গেছে।

গুজব নিয়ে সতর্কতা ও বিজিবর  নিরাপত্তা জোরদার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা গোপালগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে, যাতে কোনও নাশকতার ঘটনা না ঘটে। রবিবার (২২ নভেম্বর) রাতে  বিজিবির পক্ষ থেকে এটি জানানো হয় ।

সেখানে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ ভিত্তিহীন আশঙ্কা ছড়ানোর পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্যও প্রচার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রান্ত করতে প্ররোচিত করা হচ্ছে। 

বিজিবি ’র পক্ষ থেকে আরো জানানো হয়েছে , প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি রাষ্ট্রীয় বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এ অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছে বিজিবি। এই অপপ্রচারের মাধ্যমে স্পষ্টত: প্রমাণিত হচ্ছে যে, গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে আরও বেশি ধংসাত্নক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই এই গুজবের মুখ্য উদ্দেশ্য। 

গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে  নাশকতামূলক সব কর্মকাণ্ড বন্ধ রাখতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ কোনও নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হলে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণ করা হবে। তবে সাধারণ শান্তিকামী  জনগণের জন্য এতে আতঙ্কের কিছু নেই মর্মে আশ্বস্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে যাতে কোনও নাশকতার ঘটনা না ঘটে। 
জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোহফল. কম 

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নিজের অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ।

এনসিপির আহ্বায়ক বলেন, গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বসহ বিভিন্ন পক্ষের মানুষ এর ভুক্তভোগী হচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ সম্ভব এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা যায় কি না, এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদেও তিনি এ বিষয়ে কথা বলেছেন।

বৈঠকে এনসিপির অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়া নিয়ে আপসকামিতা, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান স্পষ্ট না করার কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডা করার সুপারিশ জানিয়েছে এনসিপি।

তিনি অভিযোগ করেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন সংস্কার প্রক্রিয়া, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। এ কারণে তারা ওই কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা: নাহিদ ইসলাম

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদী শক্তির আস্ফালন, গঙ্গা চুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদী শক্তির তৎপরতা এবং গঙ্গা চুক্তি নবায়নের বিষয়সহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম