খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের, জড়িতদের শাস্তি দাবি

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব নাশকতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে ড. ইউনূসের নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। সেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার বিষয়টি আরও উদ্বেগজনক। দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত একটি প্রতিষ্ঠান। ২০ বছর আগে নোবেল কমিটি গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এই মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করছে এই ব্যাংক।

তিনি আরও বলেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে অভিযোগ করা হয়, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

ড. ইউনূস বলেন, বেশ কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

তিনি আরও উল্লেখ করেন, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং তিনিই ব্যাংকটি পরিচালনা করেন। অথচ ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা বাধাগ্রস্ত না হয়।

ড. ইউনূস বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

সবশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে। গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের এই ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

দেওয়ানগঞ্জে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দেওয়ানগঞ্জে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও আসামির বাড়ি একই গ্রামে পাশাপাশি। সেই সুবাদে বিভিন্ন সময় যাতায়াতের পথে এবং একা পেলে ইউনুস তাকে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তার বাবা-মাকে জানালে তারা ইউনুসের অভিভাবকদের অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস তার প্রতি আরও আক্রোশ পোষণ করেন।

এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই তরুণী বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুস পেছন থেকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন। এ সময় ইউনুস তাকে বিয়ে করার আশ্বাস দেন। পরে স্থানীয়ভাবে ওই রাতেই বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। চেয়ারম্যান তাকে নিজের জিম্মায় নিয়ে গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে বিয়ের বিষয়টি এড়িয়ে যান ইউনুস।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিয়ে না করায় সামাজিক সম্মানহানির আশঙ্কায় ৮ সেপ্টেম্বর ওই তরুণী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার বাবা তাকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফেরেন।

পরবর্তী সময়ে ইউনুসের বাবা-মা ও স্থানীয় চেয়ারম্যানের কাছে ঘটনার বিচার চাইলে তারা টাকা দিয়ে আপস-মীমাংসার প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর ফজলুল হক বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। মামলার পর আত্মগোপনে থাকা ওই যুবককে রোববার রাতে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. শাহিন হাওলাদার। তিনি উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল এসআরবি-৮-এর গোয়েন্দা দলের সদস্যরা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে গোলবুনিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি আলী হোসেনের আশ্রয়ে সেখানে অবস্থান করছিলেন তিনি।

এ ঘটনায় শাহিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর শাহিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেছে এসআরবি-৮।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম