মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানা ছুটি
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ন্যূনতম মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। পাশাপাশি শিল্প পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এদিন ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি মোটরসাইকেল ও নাওজোর এলাকার একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।
অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে তাদের বিক্ষোভ ও সড়কে অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, শিল্প পুলিশ, থানা ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। দুপুর ১২টার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
নাওজোর এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানান, শ্রমিকদের সঙ্গে কিছু যুবকও আন্দোলনে যোগ দেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন এবং শিল্প পুলিশের একজন সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে ওই সদস্য কোনোরকমে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিক্ষোভকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। এ ছাড়া নাওজোর, ভোগরা ও সালনা এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে।
তিনি আরও জানান, বৃহস্পতিবারের জন্য ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য ৩২টি কারখানা বন্ধ রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন