ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের আস্তানায় অভিযান, পিস্তল উদ্ধার; গ্রেপ্তার ৬
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় রায়হান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, মো. ইকতিয়ার ফরহাদ, মো. মহররম আলী, জনার্ধন দে ও মো. জাবেদ হোসেন।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ অভিযান শুরু করে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজের নেতৃত্বে কোদালিয়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি উঁচু টিলায় থাকা টিনের ঘর ঘিরে ফেলে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘরটি তল্লাশি করে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পাহাড়ে ওঠার একমাত্র পথ দিয়ে পুলিশের দল যাওয়ার সময় সন্ত্রাসীরা তাদের দেখে পালিয়ে যায়। ঘরটি তল্লাশি করে অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে অস্ত্র তৈরির কাজ চলছিল। পরে তারা পাশের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরদিন ২৩ নভেম্বর সন্ধ্যায় পাহাড় থেকে নেমে এলাকা ছাড়ার চেষ্টা করেন রায়হান ও তার সহযোগীরা। চুরখাঁরহাট বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় তারা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। এতে ছয়জন আহত হন। পরে সিএনজিচালিত অটোরিকশার চালক জাবেদকে স্থানীয়রা আটক করেন।
পুলিশ সুপার বলেন, রায়হান তার অবস্থান পুলিশের জানা হয়ে গেছে বুঝতে পেরে পাহাড় থেকে নেমে আসেন। স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করলে ধরা পড়ার আশঙ্কায় গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করেন।
এদিকে রায়হানকে গ্রেপ্তারে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান, তল্লাশি এবং চেকপোস্ট বসায় পুলিশ।
এর মধ্যে ২৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। পরে সন্ধ্যায় কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। তার শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, বন্দুকটি এজাহার মিয়ার এবং গুলিগুলো রায়হানের।
পরে পুলিশের কাছে তথ্য আসে, রায়হান সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপন করেছেন। সেখানে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করছিলেন রায়হান। পরে পালিয়ে যাওয়ার সময় পিস্তল ও গুলি মহররম আলীর কাছে রেখে যান তিনি।
এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হানের আরেক সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও অস্ত্রটি অন্যত্র সরিয়ে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, অভিযানে একটি ইতালির তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, ১২ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন