খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে পাওয়া এই জয়কে এখন পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাজমুল বলেন, ‘এটাই এখন পর্যন্ত যেকোনো সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে এ জয় কতটা বড়, তা পরিসংখ্যানেই স্পষ্ট। শ্রীলঙ্কা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্টে তাদের হারাতে পারেনি। পাকিস্তান সর্বশেষ ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল। আর এশিয়ার দলগুলোর মধ্যে চলতি শতকে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে শুধু ভারত। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। কঠিন কন্ডিশনে পাওয়া সেই জয়ও ছিল ঐতিহাসিক। তবে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানোর মাহাত্ম্য আলাদা বলেই মনে করছেন নাজমুল।

এই ঐতিহাসিক জয়ে ব্যাট ও নেতৃত্ব—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক। প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি পুরো ম্যাচে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নিজের পারফরম্যান্স ও দলের খেলায় সন্তুষ্ট নাজমুল বলেন, ‘এই জয়ে দারুণ খুশি। নিজের পারফরম্যান্স নিয়ে গর্বিত এবং ছেলেরা যেভাবে খেলেছে, তাতেও গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।’

বাংলাদেশের পেস বোলিংয়ের সাম্প্রতিক উন্নতিকে দলের বড় পরিবর্তন হিসেবে দেখছেন নাজমুল। তার ভাষায়, পাঁচ বছর আগেও বাংলাদেশের পেসাররা টেস্ট খেলতে খুব একটা আগ্রহী ছিলেন না। এখন তারা টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছেন, নিয়মিত খেলতে ও পারফর্ম করতে চাইছেন এবং বিশ্বমানের পেসার হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো খেলোয়াড়রাও পেসারদের বেশি টেস্ট খেলার জন্য উৎসাহিত করেছেন বলে জানান তিনি।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমের প্রশংসাও করেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, সাদা বলের ক্রিকেটে তানজিদ আক্রমণাত্মক ব্যাটিং করলেও এই টেস্টে অনেক শান্ত থেকে বল অনুযায়ী শট খেলেছেন। টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে দল তার কাছ থেকে যে অবদান চায়, তানজিদ সেটিই করেছেন।

ডারউইন টেস্টের আগে পাঁচ দিন ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার যে বার্তা দিয়েছিলেন নাজমুল, দ্বিতীয় টেস্টের আগেও একই পরিকল্পনায় থাকতে চান তিনি। সেশন ধরে ধরে ভালো ক্রিকেট খেলা এবং নিচের সারির ব্যাটসম্যানদের নিয়মিত অবদান রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছেন অধিনায়ক।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রোববার (১৬ আগস্ট) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

আইনজীবী জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি মামুনের জামিন মঞ্জুর করেন। এ মামলায় এক হাজার টাকা মুচলেকা এবং পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মামুনের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

দুই মামলাতেই জামিন পাওয়ায় প্রিন্স মামুনের কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ ছিলেন।

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

তরুণ ও উদীয়মান ফুটবলারদের উৎসাহিত করতেই ক্যানেজিয়া সৌজন্যমূলক সফরে বাংলাদেশে আসছেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবেন তিনি।

বাংলাদেশ সফরকালে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামো পরিদর্শন করবেন ক্যানেজিয়া। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টায় শুরু হবে সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতেই স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

স্বর্ণের দামে বড় পরিবর্তন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বর্ণের দামে বড় পরিবর্তন

এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ৫ শতাংশ ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের অলংকার কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে আবারও একই পরিমাণ দাম বেড়ে গেল।

বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

এর মধ্যে ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।

এর আগে ১৪ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে।

তবে স্বর্ণের নির্ধারিত দামের মধ্যে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই জুয়েলারি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না। তবে অলংকারের ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম