খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। রোববার (১৬ আগস্ট) হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন এবং জরুরি ত্রাণের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ফ্লোরেস দ্বীপের উত্তর উপকূলের কাছে সমুদ্রের নিচে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৮ জন নিহত ও অন্তত ১০১ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র বার্তন সুয়ার পেলিতা পানজাইতান জানান, ভূমিকম্পের পর প্রায় ৫ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য বাড়িঘর ছেড়ে চলে গেছেন। ভূমিকম্পের পর কয়েক ঘণ্টায় ৩৪১টি আফটারশক অনুভূত হয়েছে।

দুর্যোগের কারণে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি ত্রাণ পৌঁছানোর গুরুত্বপূর্ণ একটি সড়কও এখনো ব্যবহারযোগ্য হয়নি।

ফ্লোরেসের উত্তর উপকূলের নাঙ্গাহালে গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী উমরি জানান, তাদের খাবার, পানি, ওষুধ এবং শিশুদের জন্য ডায়াপার প্রয়োজন। ভূমিকম্পের পর বাড়িতে ফিরতে ভয় পেয়ে গত ২৪ ঘণ্টা ধরে অন্যদের সঙ্গে পাহাড়ের চূড়ায় অবস্থান করছেন তিনি।

একই পাহাড়ে রাত কাটানো নুরহিদায়াতি বলেন, ‘আমি এখনও খুব আতঙ্কিত। গতকালের ভূমিকম্পের কথা মনে পড়লে বুক ধড়ফড় করছে। আমরা শুধু দৌড়ে এখানে উঠে এসেছিলাম। এখনও খুব ভয় পাচ্ছি।’

১৯৯২ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতিও স্থানীয়দের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। ওই বছর ফ্লোরেসে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে প্রায় ২ হাজার ৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

নুরহিদায়াতি আশা প্রকাশ করে বলেন, সরকার দ্রুত দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেবে।

বিএনপিবির মুখপাত্র বার্তন জানান, ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১০১ জন। তিনি বলেন, প্রাণহানির পাশাপাশি সমুদ্রের কাছে সংঘটিত এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

দুর্গতদের জন্য জরুরি তাঁবু, খাবার, ওষুধ, কম্বল, খাট, মাদুর, বিশুদ্ধ পানি এবং বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা আরও একজন বেড়েছে। তবে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন বা নিখোঁজ রয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা ফাথুর রহমান।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা শুধু উদ্ধার ও অনুসন্ধানের কাজে মনোযোগ দিচ্ছি এবং পুরো এলাকা তল্লাশি করছি।’

ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফ্লোরেসের উত্তর উপকূলের অদূরে সমুদ্রের নিচে। ক্ষতিগ্রস্ত এলাকায় উঁচু ভবন তুলনামূলক কম থাকায় বড় ধরনের ভবনধসের ঝুঁকি কিছুটা কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিএনপিবির তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৯১৪টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও শত শত বাড়িঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে সরকারি ও জনসেবা প্রতিষ্ঠানও। এর মধ্যে ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৩৮টি সরকারি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ ছিলেন।

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

তরুণ ও উদীয়মান ফুটবলারদের উৎসাহিত করতেই ক্যানেজিয়া সৌজন্যমূলক সফরে বাংলাদেশে আসছেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবেন তিনি।

বাংলাদেশ সফরকালে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামো পরিদর্শন করবেন ক্যানেজিয়া। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টায় শুরু হবে সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতেই স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

স্বর্ণের দামে বড় পরিবর্তন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বর্ণের দামে বড় পরিবর্তন

এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ৫ শতাংশ ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের অলংকার কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে আবারও একই পরিমাণ দাম বেড়ে গেল।

বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

এর মধ্যে ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।

এর আগে ১৪ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে।

তবে স্বর্ণের নির্ধারিত দামের মধ্যে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই জুয়েলারি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না। তবে অলংকারের ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়।

তিনি বলেন, খেলোয়াড়দের দৃঢ় মানসিকতা, অসাধারণ টিম স্পিরিট, ধৈর্য ও দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই এই অবিস্মরণীয় জয় এসেছে। কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশি ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতা ও আত্মবিশ্বাস দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আশা প্রকাশ করেন, এই জয়ের ধারা অব্যাহত রেখে বাংলাদেশের ক্রিকেটাররা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা আরও বাড়াবেন এবং দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবেন।

একই সঙ্গে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম