খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শক্তি, সামর্থ্য, অভিজ্ঞতা ও টেস্ট ঐতিহ্যে অনেক এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জয় তুলে নিয়েছে টাইগাররা।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনের শুরু থেকেই জয়ের পথে এগিয়ে ছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৮৪ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। মাত্র ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়েই সেই রান তুলে নেয় বাংলাদেশ।

সহজ লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগের ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম কোনো রান না করেই জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি সাদমান ইসলাম ও মুমিনুল হক।

দ্বিতীয় উইকেটে ৭৫ বলে ৫৩ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুজন। সাদমান ৪২ বলে ২৫ এবং মুমিনুল ৩৯ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

মিরাজ-হাসানের বোলিং তাণ্ডব

চতুর্থ দিনের খেলা শুরু করার সময় ৬ উইকেট হাতে নিয়ে ১৬১ রানে ছিল অস্ট্রেলিয়া। আগের দিন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি মিলে গড়েছিলেন প্রতিরোধ। কিন্তু দিনের শুরুতেই সেই জুটি ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ।

দিনের সপ্তম ওভারে ক্যারিকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন মিরাজ। ৭২ বলে ৩০ রান করে ফেরেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। এরপর বেউ ওয়েবস্টারকেও বেশি সময় উইকেটে থাকতে দেননি মিরাজ। ২১ বলে ৫ রান করা ওয়েবস্টারের স্টাম্প ভেঙে দেন তিনি।

এরপর অধিনায়ক প্যাট কামিন্সকেও ফিরিয়ে দেন মিরাজ। ৩২ বলে ৮ রান করা কামিন্স সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন। তবে বিরতির পর স্টার্ককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ৩৪ বলে ১৮ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দেন স্টার্ক।

অন্যপ্রান্তে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ২০১ বলে ১০৪ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরেন গ্রিন।

এর দুই ওভার পর নাথান লায়নকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ার ইনিংসের সমাপ্তি টানেন মিরাজ। ২৭ বলে ১৫ রান করেন লায়ন।

লায়নকে ফেরানোর সঙ্গে সঙ্গে পাঁচ উইকেট পূর্ণ করেন মিরাজ। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ফাইফার নেওয়া দ্বিতীয় বাংলাদেশি বোলার হলেন তিনি। এর আগে এই টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ফাইফারের কীর্তি গড়েছিলেন হাসান মাহমুদ।

ব্যাটে তানজিদের সেঞ্চুরি, শান্তর ৮৪

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে ৪২৬ রান করে টাইগাররা।

তানজিদের ব্যাট থেকে আসে ১০১ রান। এছাড়া মেহেদী হাসান মিরাজ করেন ৬৫ রান। ফলে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার ওপর ২২৮ রানের বিশাল লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের ১০৪ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়া ২৮৪ রান করতে সক্ষম হয়। তবে মিরাজের পাঁচ উইকেট ও হাসান মাহমুদের তিন উইকেটের সামনে শেষ পর্যন্ত স্বাগতিকদের ইনিংস থেমে যায়।

অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস

এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ, যিনি দুই ইনিংসে মোট ৯ উইকেট শিকার করে ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন।

ম্যাচ: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: হাসান মাহমুদ
সিরিজ: বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে
দ্বিতীয় টেস্ট: ২২ আগস্ট, ম্যাকাই

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রোববার (১৬ আগস্ট) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

আইনজীবী জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি মামুনের জামিন মঞ্জুর করেন। এ মামলায় এক হাজার টাকা মুচলেকা এবং পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মামুনের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

দুই মামলাতেই জামিন পাওয়ায় প্রিন্স মামুনের কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ ছিলেন।

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

তরুণ ও উদীয়মান ফুটবলারদের উৎসাহিত করতেই ক্যানেজিয়া সৌজন্যমূলক সফরে বাংলাদেশে আসছেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবেন তিনি।

বাংলাদেশ সফরকালে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামো পরিদর্শন করবেন ক্যানেজিয়া। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টায় শুরু হবে সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতেই স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

স্বর্ণের দামে বড় পরিবর্তন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বর্ণের দামে বড় পরিবর্তন

এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ৫ শতাংশ ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের অলংকার কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে আবারও একই পরিমাণ দাম বেড়ে গেল।

বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

এর মধ্যে ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।

এর আগে ১৪ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে।

তবে স্বর্ণের নির্ধারিত দামের মধ্যে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই জুয়েলারি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না। তবে অলংকারের ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম