খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র, ১৪৩৩

রাজাবাড়ীতে ফারুককে ঘিরে দুই অভিযোগ, ফিজিওথেরাপি ও অনলাইন বিনিয়োগ নিয়ে প্রশ্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজাবাড়ীতে ফারুককে ঘিরে দুই অভিযোগ, ফিজিওথেরাপি ও অনলাইন বিনিয়োগ নিয়ে প্রশ্ন

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে ফারুক নামে এক ব্যক্তিকে ঘিরে ফিজিওথেরাপি সেবা ও অনলাইন বিনিয়োগ নিয়ে পৃথক অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশ তাঁর ফিজিওথেরাপি চেম্বার পরিচালনার যোগ্যতা ও অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান MSC-এর নাম ব্যবহার করে অনলাইনে বিনিয়োগের মাধ্যমে অর্থ সংগ্রহের অভিযোগও করেছেন কয়েকজন।

স্থানীয়দের অভিযোগ, শ্রীপুরের নলগাঁও গ্রামের ফারুক রাজাবাড়ীতে একটি চেম্বার পরিচালনা করে নিজেকে ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচয় দিচ্ছেন এবং প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের থেরাপি দিচ্ছেন। স্থানীয়দের দাবি, ফারুক নিজেই ছয় মাসের ফিজিওথেরাপি প্রশিক্ষণ নেওয়ার কথা জানিয়েছেন।

এ কারণে রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে তাঁর শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, সনদ ও পেশাগত নিবন্ধন রয়েছে কি না—তা যাচাইয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে প্যারালাইসিস রোগীদের মতো জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের থেরাপি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা ও দক্ষতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি তাদের।

স্থানীয়রা আরও জানান, ফারুকের সহযোগী হিসেবে হেনা আক্তার হোসেন নামে এক নারী কাজ করছেন। তাঁর বাড়ি রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনিও ফারুকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং রোগীদের ফিজিওথেরাপি কার্যক্রমে সহযোগিতা করছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাগত নিবন্ধন নিয়েও যাচাইয়ের দাবি উঠেছে।

অনলাইন বিনিয়োগ নিয়েও অভিযোগ

ফারুককে ঘিরে দ্বিতীয় অভিযোগটি অনলাইন বিনিয়োগকে কেন্দ্র করে। অভিযোগকারীদের দাবি, আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান MSC-এর নাম ব্যবহার করে কনটেইনার লিজ ও বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর লাভ দেওয়ার আশ্বাস দেখিয়ে রাজাবাড়ী ইউনিয়নের দলজোড় গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে।

অভিযোগকারীদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। তাঁদের দাবি, আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করায় তারা কার্যক্রমটিকে বিশ্বাসযোগ্য মনে করে এতে অর্থ বিনিয়োগ করেন।

কয়েকজন অভিযোগকারীর দাবি, বিভিন্ন সময়ে বিনিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে। তাঁদের ধারণা, মোট অর্থের পরিমাণ কোটি টাকার কাছাকাছি বা তারও বেশি হতে পারে। তবে মোট কতজন বিনিয়োগ করেছেন এবং কত টাকা সংগ্রহ করা হয়েছে, তা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারীরা আরও জানান, কিছুদিন অনলাইন কার্যক্রম চলার পর হঠাৎ সংশ্লিষ্ট অ্যাপ ও বিভিন্ন অনলাইন গ্রুপের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর অনেক বিনিয়োগকারী অ্যাপটিতে প্রবেশ করতে পারছেন না এবং বিনিয়োগ করা অর্থ উত্তোলনেও সমস্যার মুখে পড়েছেন বলে দাবি করেছেন।

দলজোড় গ্রামের কয়েকজন নারী বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম ও লাভের আশ্বাসের কারণে তারা কার্যক্রমটিকে বৈধ ও নিরাপদ মনে করেছিলেন। পরে অ্যাপ ও অনলাইন গ্রুপ বন্ধ হয়ে যাওয়ায় বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তবে MSC-এর নাম ব্যবহার করে পরিচালিত কোনো অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানটির অনুমোদিত কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। শুধু কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করলেই সেটি ওই প্রতিষ্ঠানের অনুমোদিত কার্যক্রম—এমনটি নিশ্চিতভাবে বলা যায় না।

তদন্তের দাবি

স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারীরা বলছেন, বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে ফিজিওথেরাপি কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও অনুমোদন রয়েছে কি না এবং অনলাইন বিনিয়োগের নামে প্রকৃতপক্ষে কত টাকা সংগ্রহ করা হয়েছে—এসব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।

তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পেশাজীবী নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে ফিজিওথেরাপি কার্যক্রমটি যাচাইয়ের দাবি জানিয়েছেন। পাশাপাশি অনলাইন বিনিয়োগের অভিযোগের বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

তাদের দাবি, তদন্তে কোনো অনিয়ম বা প্রতারণার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

তবে ফারুকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি। অভিযোগের বিষয়ে ফারুকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে সংযোজন করা হবে।

অভিযোগকারী ও স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ইমন হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন, মরদেহ গুমে আরও ৩ বছর

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইমন হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন, মরদেহ গুমে আরও ৩ বছর

 যোগফল প্রতিবেদক:

রাজধানীর কদমতলীতে অটোরিকশা চালক ইমন হত্যা মামলায় আল-আমিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যার আলামত নষ্ট ও মরদেহ গুমের দায়ে তাকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় আল-আমিনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। অন্যদিকে, আলামত নষ্ট ও মরদেহ গুমের দায়ে তিন বছরের কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস কারাভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ৩০ মে সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ইমন। ওই রাতেই গেন্ডারিয়ার ফরাশগঞ্জের মামুর বাজার সংলগ্ন এলাকা থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরদিন ৩১ মে ইমনের বাবা লিটন কদমতলী থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের চার দিন পর, ৩ জুন রাতে পশ্চিম মোহাম্মদবাগের সোনামাবিয়া মসজিদসংলগ্ন একটি ঝোপের ভেতরের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫ জুন বরিশাল থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আল-আমিন হত্যার বিস্তারিত বর্ণনা দেন।

জবানবন্দি অনুযায়ী, পরকীয়ার সন্দেহ এবং ধার দেওয়া পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে ইমনকে হত্যার পরিকল্পনা করেন আল-আমিন। ৩০ মে সন্ধ্যায় ইমনকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

পরদিন বাজার থেকে বস্তা ও রশি কিনে মরদেহ বস্তাবন্দি করেন আল-আমিন। পরে রিকশায় করে মরদেহ নিয়ে একটি ডোবায় ফেলে দেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় ডিবি পুলিশের ওয়ারী জোনের পরিদর্শক রোকনুজ্জামান খাঁন ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আল-আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কাপাসিয়ায় গরু চুরির হিড়িক, ১৭ গরু উধাও

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কাপাসিয়ায় গরু চুরির হিড়িক, ১৭ গরু উধাও

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় অন্তত ১৭টি গরু চুরির অভিযোগ উঠেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও গরু পালনকারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। চুরি ঠেকাতে রাতে গ্রামভিত্তিক পাহারা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোশারফের বাড়ি থেকে চারটি, মকবুলের বাড়ি থেকে একটি এবং কবিরের বাড়ি থেকে একটি গরু চুরির অভিযোগ রয়েছে।

এ ছাড়া রাওনাইত গ্রামের আবুল হাজির বাড়ি থেকে চারটি, মোকবুলের বাড়ি থেকে চারটি, দেলোয়ারের বাড়ি থেকে একটি এবং আকরামের বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে, চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া এলাকায় মাইনউদ্দিন মোড়লের বাড়ি থেকে চারটি এবং জামাল উদ্দিনের বাড়ি থেকে দুটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয়দের দেওয়া তথ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। ফলে পৃথক ঘটনাগুলোর সংখ্যা ও স্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

গরু চুরির খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মোল্লা, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুফ সরকার, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল মেম্বার, সহ-সভাপতি মনির হোসেন, চাঁদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুম আকন্দ এবং দুর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইলিয়াস ও চাঁদপুর ইউনিয়ন ছাত্রনেতা সাকিব আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, গরু চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্রামভিত্তিক পাহারা ও নিরাপত্তাব্যবস্থা জোরদারে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে গরু চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে কৃষক ও গরু পালনকারীরা গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। চুরি প্রতিরোধে রাতে পাহারা জোরদার ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এসব ঘটনা তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনা হলে এলাকায় গরু চুরি কমানো সম্ভব হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নেপালে বন্যায় নিখোঁজ ২০০-এর বেশি শিক্ষার্থী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নেপালে বন্যায় নিখোঁজ ২০০-এর বেশি শিক্ষার্থী

 যোগফল প্রতিবেদক:

নেপালে ভয়াবহ বন্যায় ২০০-এর বেশি স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে ৯টি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পানির তীব্র স্রোতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুয়াকোট জেলার কয়েকটি স্কুল পানিতে তলিয়ে গেছে কিংবা মাটির নিচে চাপা পড়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত।

একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পানির স্রোতে এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাসও ভেসে গেছে।

বন্যার ভয়াবহতা নিরূপণে স্যাটেলাইট ছবি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবস্থান চিহ্নিত করেছে বিবিসির দক্ষিণ এশিয়া ভিজ্যুয়াল জার্নালিজম বিভাগ।

এদিকে নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার পর দেশটির ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ও ভূগর্ভস্থ স্থাপনায় ৯০০-এর বেশি মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে। সীমান্তের তিব্বত অংশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নেপালে এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক। তিব্বতে নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন।

এর আগে অনুসন্ধান ও উদ্ধারকাজে বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছিল নেপাল। তবে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে আটকে পড়াদের উদ্ধারে ভারত ও চীনের বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে দেশটি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম