খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

যোগফল প্রতিবেদক:

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কেন্দ্রটির ধারাবাহিক উৎপাদনে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ দিনে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার এ কেন্দ্রটি ওই সময়ে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।

এর আগে জুন মাসে কেন্দ্রটি ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। ওই সময়ে গড়ে ১ হাজার ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদন সক্ষমতা ধরে রাখার এ ধারাবাহিকতা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়তা করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রমে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক খাঁন নোমান শিবলী জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশগত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি একইভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রাখতে পারলে লোডশেডিং কমানো এবং শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ সেবা খাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ জন্য জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি।

কেন্দ্রটির মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি মূলত বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষ হাতে পরিচালিত হচ্ছে। আগে ভারতীয় প্রকৌশলীদের কাছ থেকে পাওয়া প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেশীয় প্রকৌশলীরা আত্মস্থ করেছেন। ফলে তারা এখন দক্ষতার সঙ্গে কেন্দ্রটির অপারেশনাল দায়িত্ব পালন করছেন।

ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী জানিয়েছেন, জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশগত মানদণ্ড বজায় রেখে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, কেন্দ্রটির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনো যান্ত্রিক বা লজিস্টিক সমস্যার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়।

সংশ্লিষ্টদের মতে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ধারাবাহিক উৎপাদন দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ধরে রাখা, আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নবম পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নবম পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

যোগফল প্রতিবেদক:

নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা গেজেট জারির। নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ আজ বুধবার (২ সেপ্টেম্বর) অথবা আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

নতুন বেতনকাঠামো নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ জারি করবে। এরপর এ বিষয়ে বিস্তারিত তথ্য স্পষ্টভাবে জানা যাবে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত নতুন বেতনস্কেল ও সংশ্লিষ্ট নির্দেশাবলী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

২০টি গ্রেডই বহাল

অনুমোদিত জাতীয় বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনস্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ জারির পর বেতনস্কেলের বিস্তারিত কাঠামো, বিভিন্ন গ্রেডের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বৃষ্টি উপেক্ষা করে মণিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বৃষ্টি উপেক্ষা করে মণিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 যোগফল প্রতিবেদক:

যশোরের মণিরামপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও এতে নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। দিনের শুরুতে শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে অডিটোরিয়াম চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে হরিহর নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন নেতাকর্মীরা।

বিকেলে অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান। উপজেলা বিএনপির সহ-সভাপতি জি.এম. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভায় যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. গফুর, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মোতালেব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দিনব্যাপী আয়োজনের শেষ পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির অসুস্থ নেতা অ্যাডভোকেট মুজিবর রহমানের খোঁজখবর নেওয়া হয়। এ সময় তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

আয়োজকদের দাবি, বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মোহাম্মদপুরে চাঁদা দাবির মামলা: বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মোহাম্মদপুরে চাঁদা দাবির মামলা: বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেফতার

যোগফল প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে অবস্থিত আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। গত ৩১ আগস্ট বিকেল ৫টার দিকে পিন্টুসহ কয়েকজন সেখানে গিয়ে সমিতির সদস্যদের কাছে চাঁদা দাবি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী ও আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সদস্য মো. বেলায়েত হোসেনের অভিযোগ, পিন্টুসহ অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময়ে তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।

এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন পিন্টুর নির্দেশে অভিযুক্তরা সমিতির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে নগদ ৫ লাখ টাকা দিতে বলা হয়। তবে সমিতির সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এ সময় অফিসের টেবিল, চেয়ার ও ব্যানার ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে মামলার বাদী বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, সেক্রেটারি জহির হোসেন এবং ড্রাইভার সমিতির সভাপতি মো. নুশু মিয়াসহ অন্যরা এগিয়ে এসে বেলায়েত হোসেনকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় পিন্টুর বিরুদ্ধে এর আগে অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের তালিকায় চাঁদাবাজির অভিযোগে তার নাম ৮ নম্বরে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে মো. আলী কায়সার পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

পরে এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসির কাছে একটি চিঠি পাঠায় ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। ওই চিঠিতে পিন্টুর দলীয় সদস্যপদসহ বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলবাজিসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত হলে এর দায়ভার সংগঠন নেবে না বলেও জানানো হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করা হয়।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে মো. আলী কায়সার পিন্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম