খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

যোগফল প্রতিবেদক:

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কেন্দ্রটির ধারাবাহিক উৎপাদনে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ দিনে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার এ কেন্দ্রটি ওই সময়ে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।

এর আগে জুন মাসে কেন্দ্রটি ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। ওই সময়ে গড়ে ১ হাজার ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদন সক্ষমতা ধরে রাখার এ ধারাবাহিকতা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়তা করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রমে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক খাঁন নোমান শিবলী জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশগত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি একইভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রাখতে পারলে লোডশেডিং কমানো এবং শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ সেবা খাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ জন্য জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি।

কেন্দ্রটির মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি মূলত বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষ হাতে পরিচালিত হচ্ছে। আগে ভারতীয় প্রকৌশলীদের কাছ থেকে পাওয়া প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেশীয় প্রকৌশলীরা আত্মস্থ করেছেন। ফলে তারা এখন দক্ষতার সঙ্গে কেন্দ্রটির অপারেশনাল দায়িত্ব পালন করছেন।

ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী জানিয়েছেন, জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশগত মানদণ্ড বজায় রেখে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, কেন্দ্রটির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনো যান্ত্রিক বা লজিস্টিক সমস্যার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়।

সংশ্লিষ্টদের মতে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ধারাবাহিক উৎপাদন দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ধরে রাখা, আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি

যোগফল প্রতিবেদক:

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক লেনদেন ক্রমেই বাড়ছে। ফলে প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা ব্যবসায়ী, প্রবাসী ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রাবাজারের ওঠানামার কারণে টাকার বিপরীতে বিভিন্ন মুদ্রার বিনিময় হারও পরিবর্তিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ২ সেপ্টেম্বর ২০২৬-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ বুধবার বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে দেওয়া হলো।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

  • ১ মার্কিন ডলার: ১২২ টাকা ৫০ পয়সা
  • ১ ইউরো: ১৪২ টাকা
  • ১ ব্রিটিশ পাউন্ড: ১৬৫ টাকা ৫৬ পয়সা
  • ১ অস্ট্রেলীয় ডলার: ৮৭ টাকা ৫১ পয়সা
  • ১ জাপানি ইয়েন: ৭৭ পয়সা
  • ১ কানাডীয় ডলার: ৮৮ টাকা ১৪ পয়সা
  • ১ সুইডিশ ক্রোনা: ১২ টাকা ৭৩ পয়সা
  • ১ সিঙ্গাপুর ডলার: ৯৬ টাকা ১৯ পয়সা
  • ১ চীনা ইউয়ান (রেনমিনবি): ১৮ টাকা ২২ পয়সা
  • ১ ভারতীয় রুপি: ১ টাকা ২৯ পয়সা
  • ১ শ্রীলঙ্কান রুপি: ২ টাকা ৬৭ পয়সা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দেশীয় বৈদেশিক মুদ্রাবাজারের আন্তঃব্যাংক লেনদেনের ভিত্তিতে নির্ধারিত হয়। অন্যান্য মুদ্রার ক্রস রেট নিউইয়র্ক ও ঢাকার আগের দিনের বাজারদরের ভিত্তিতে নির্ধারণ করা হয়।

নোট: ব্যাংক, মানি এক্সচেঞ্জ ও লেনদেনের ধরনভেদে প্রকৃত ক্রয়-বিক্রয় মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

 যোগফল প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় আকিবের মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আকিব। বুধবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা আহত অবস্থায় তাকে একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। খবর পেয়ে তার বাবা হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।

পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর অ্যাম্বুলেন্সে রাজশাহীর উদ্দেশে রওনা হলে লালপুর এলাকায় পৌঁছানোর পর আকিবের মৃত্যু হয়।

আকিবের বাবা আনিসুর রহমানের দাবি, তার ছেলেকে মারধর করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, আকিবের শরীরে অস্ত্রের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মারধরের চিহ্ন রয়েছে বলে তারা জানতে পেরেছেন। মারধরের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আকিব ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সমর্থক ছিলেন এবং তার শ্যালোইঞ্জিনচালিত নৌকা চালাতেন। সাঁড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেদী ও কাকন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বলেও জানা গেছে। এ নিয়ে ওই এলাকায় মাঝেমধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রের দাবি, এই বিরোধের জেরে আকিবকে মারধর করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কারা জড়িত এবং হত্যার পেছনে প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

৪ দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে প্রায় ১৬ হাজার টাকা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৪ দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে প্রায় ১৬ হাজার টাকা

যোগফল প্রতিবেদক: 

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। মাত্র চার দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা, অর্থাৎ প্রায় ১৬ হাজার টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।

এর আগে গত ২৯ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর ৩১ আগস্ট দ্বিতীয় দফায় প্রতি ভরিতে আরও ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।

সর্বশেষ বুধবার (২ সেপ্টেম্বর) আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে।

ফলে ২৯ আগস্টের আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা থেকে চার দিনের ব্যবধানে কমে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এ সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা।

নতুন দাম কত

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৩৫ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ২৪৬ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৬৬৭ টাকা

নতুন এ দাম বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম