স্ত্রীকে মেয়ে-ভাইঝি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী
যোগফল প্রতিবেদক:
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় স্ত্রীকে কখনো ভাইঝি, আবার কখনো নিজের মেয়ে পরিচয় দিয়ে একাধিকবার বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ের পর নববিবাহিত স্বামীর টাকা ও গয়না নিয়ে ওই নারী পালিয়ে যেতেন বলেও অভিযোগ। এ ঘটনায় এক নববিবাহিত যুবকের অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ঘটকের মাধ্যমে এক যুবতীর সঙ্গে ওই যুবকের বিয়ের ব্যবস্থা করা হয়। অভিযুক্ত ব্যক্তি নিজেকে ওই যুবতীর চাচা পরিচয় দেন। একটি মন্দিরে বিয়ের সময় তিনিই কন্যা সম্প্রদান করেন এবং জানান, ওই যুবতী তার একমাত্র ভাইঝি।
বিয়ের কয়েক দিনের মধ্যেই নববিবাহিত যুবকের সন্দেহ হয়। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই যুবতী আসলে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী। তাদের দুই মেয়েও রয়েছে, যাদের বিয়েও হয়ে গেছে। বিষয়টি জানার পর থানায় অভিযোগ করেন ওই যুবক।
তদন্তে নেমে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তেরা স্বীকার করেন, তারা স্বামী-স্ত্রী, চাচা-ভাইঝি নন।
পুলিশ আরও জানিয়েছে, এর আগেও একই কৌশলে ওই নারীকে কখনো ভাইঝি, আবার কখনো নিজের মেয়ে পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পর পাত্রপক্ষের কাছ থেকে টাকা ও সোনার গয়না নিয়ে তারা পালিয়ে যেতেন বলে অভিযোগ। স্বামী-স্ত্রী মিলে বেশ কয়েকটি পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন বলেও দাবি পুলিশের।
লিখিত অভিযোগের ভিত্তিতে দম্পতিকে গ্রেপ্তার করে তদন্তের জন্য বারাসত মহকুমা আদালতে হাজির করেছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন