চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
যোগফল প্রতিবেদক:
চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাহাজটি মেরামতের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শিপইয়ার্ডে অবস্থান করছিল। দুর্ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় জাহাজটিতে ৪২ জন ছিলেন।
মর্মান্তিক এ ঘটনা ঘটে কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে। মেরামত ও পরিদর্শনের কাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে।
জাহাজে থাকা ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিখোঁজ পাঁচজনকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
এপি জানিয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ (Ocean Melody) হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। দুর্ঘটনার সময় এটি মেরামতের জন্য কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল।
বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বড় কোম্পানির অধীন। দুর্ঘটনার পর আগুন লাগার কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন