তারেক রহমানের সফর ঘিরে সংস্কার হচ্ছে ফুলগাজী জিয়া সড়ক
যোগফল প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফুলগাজী সফরকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ ‘ফুলগাজী জিয়া সড়ক’-এর সংস্কারকাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ১ হাজার ১০০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কার, আগাছা পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
স্থানীয়ভাবে সড়কটি বেগম খালেদা জিয়ার বাবার বাড়ির রাস্তা হিসেবে ‘ফুলগাজী জিয়া সড়ক’ নামে পরিচিত। সড়কের বিভিন্ন অংশে প্রয়োজন অনুযায়ী কার্পেটিং ও সিলকোটের পাশাপাশি দুই পাশের আগাছা পরিষ্কার এবং আশপাশের এলাকায় সাজসজ্জার কাজ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব কাজের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে সড়কটির প্রায় ৭০ শতাংশ সংস্কারকাজ শেষ হয়েছে।
ফুলগাজী উপজেলা প্রকৌশলী ইসলাম হোসেন জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারকাজ করা হচ্ছে। প্রায় ২০ লাখ টাকা বরাদ্দের মধ্যে কার্পেটিং ও সিলকোটের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী দুই দিনের মধ্যে পুরো কাজ শেষ করার আশা করা হচ্ছে।
আগামী ১৭ সেপ্টেম্বর তারেক রহমানের ফুলগাজী সফরের সম্ভাবনা রয়েছে। সফরকালে তিনি তার নানার বাড়ি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে যেতে পারেন। সেখানে পারিবারিক কবরস্থান জিয়ারতের সম্ভাবনার কথাও জানা গেছে। তবে সফরের চূড়ান্ত কর্মসূচি ও যাতায়াতের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এদিকে তারেক রহমানের সফর সামনে রেখে উপজেলার বিভিন্ন সড়ক, জনসভাস্থল, জেলা পরিষদ ডাকবাংলো, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও জোরদার করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন