প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছেন এনসিপির চার নেতা
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল।
দুপুরে অনুষ্ঠেয় এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেবে। এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হতে যাচ্ছে।
এনসিপি সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সফর শেষে নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। তিনি ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম আলোচনা করে চূড়ান্ত করা হবে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।
বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। দলটি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা জানান, সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকা প্রয়োজন। তাঁদের মতে, সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে অন্যান্য বিষয় সমাধান করা সহজ হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রথমে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে সব দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এনসিপি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন এনসিপির নেতারা। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগসহ বিভিন্ন বিষয় আলোচনায় আনবেন তাঁরা।
একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলের পাঁচ দফা দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে এনসিপি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন