খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক, ১৪৩৩

কক্সবাজার সৈকতে লাখো মানুষের ঢল, ৪৫ মিনিটে বিসর্জন ৩৮০ প্রতিমা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কক্সবাজার সৈকতে লাখো মানুষের ঢল, ৪৫ মিনিটে বিসর্জন ৩৮০ প্রতিমা

ছবি সংগৃহীত

শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজার:

কক্সবাজার সমুদ্রসৈকতে লাখো মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উৎসব। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সৈকতের লাবণী পয়েন্টসহ প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এই উৎসবকে ঘিরে মানুষের ঢল নামে। আয়োজকদের হিসাবে, বিসর্জন উৎসবে তিন লাখের বেশি দর্শনার্থী অংশ নেন। মাত্র ৪৫ মিনিটে একে একে ৩৮০টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বুধবার দুপুর থেকেই কক্সবাজার শহরের লাবণী, সিগাল, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা। পরে কাঁধে করে কিংবা ভ্যানে করে প্রতিমাগুলো সৈকতের বালুচরে নেওয়া হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে বাড়তে থাকে মানুষের উপস্থিতি।

বিকেল পাঁচটার দিকে মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা। বিকেল ৫টা ৯ মিনিটে বঙ্গোপসাগরে প্রতিমা বিসর্জন শুরু হয়। এরপর একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ৪৫ মিনিটের মধ্যেই ৩৮০টি প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে কক্সবাজার শহর, সদর উপজেলা, উখিয়া, টেকনাফ, রামু ও ঈদগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হয় সৈকতে। এর আগে মণ্ডপগুলোতে পূজার ঘণ্টাধ্বনি, ঢাকের বাদ্য, পুরোহিতদের মন্ত্রপাঠ ও ফুলের অঞ্জলির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।

সৈকতের বালুচরে প্রতিমা ঘিরে শেষ মুহূর্তের পূজা-অর্চনা করেন ভক্তরা। অনেকে সিঁদুর খেলায় অংশ নেন। দেবীর কপালে ও পায়ে সিঁদুর ছুঁইয়ে প্রণাম করার পাশাপাশি একে অপরকে সিঁদুর পরিয়ে দেন তাঁরা। উৎসবের আনন্দের মধ্যেও দেবী দুর্গার বিদায়বেলায় অনেকের চোখেমুখে ছিল বিষাদের ছাপ।

শহরের বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল বলেন, দেবীর বিদায়ে মন খারাপ হলেও উৎসবের আনন্দ সবাই ভাগাভাগি করে নিয়েছেন। তাঁরা জগতের সব মানুষের মঙ্গল কামনা করেন।

ঘোনাপাড়ার কলেজছাত্রী আলপনা দাশ বলেন, লাখো মানুষের উপস্থিতিতে দেবীকে বিদায় জানাতে পেরে তিনি শান্তি পেয়েছেন। তবে মা চলে যাওয়ায় তাঁর মন ভারাক্রান্ত হয়ে পড়েছে।

এবার কক্সবাজার জেলায় মোট ৩২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৫৫টি মণ্ডপে প্রতিমাপূজা এবং ১৬৯টিতে ঘটপূজা হয়। উপজেলাগুলোর মধ্যে চকরিয়ায় সর্বোচ্চ ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া কুতুবদিয়ায় ৪৪টি, রামুতে ৩৭টি, কক্সবাজার সদরে ৩১টি, ঈদগাঁওয়ে ২৯টি, মহেশখালীতে ২৮টি, কক্সবাজার পৌরসভায় ২৬টি, চকরিয়া পৌরসভায় ২৫টি, পেকুয়ায় ৯টি, উখিয়ায় ৯টি, মহেশখালী পৌরসভায় ৬টি ও টেকনাফে ৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

প্রতিমা বিসর্জন উৎসবকে কেন্দ্র করে দুপুর থেকে সমুদ্রসৈকত ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

কক্সবাজার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল বলেন, গত বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন উৎসব সম্পন্ন হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, পর্যটন শহর কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির শহর।

তিনি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটন নগরীকে নতুনভাবে সাজানোর কাজ চলছে।

তিনি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের কয়েক লাখ মানুষের উপস্থিতিতে এই বৃহৎ প্রতিমা বিসর্জন উৎসব প্রমাণ করেছে, কক্সবাজার সম্প্রীতির শহর। যেকোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফর রহমান কাজল ও শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার এ এম সাজেদুর রহমান, রামকৃষ্ণ মিশন কক্সবাজারের সভাপতি ও শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর এবং দীপক শর্মা।

বক্তারা বলেন, এ ধরনের উৎসব দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দাশ।

সার্বিকভাবে, বিপুল জনসমাগম, সুশৃঙ্খল আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উৎসব সম্পন্ন হয়।

 তুলি আক্তার/ অনলাইান ডেস্ক/ যোগফল. কম 


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (২৫ অক্টোবর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জনকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, সুধারাম মডেল থানায় সাতজন, কোম্পানীগঞ্জ থানায় আটজন, কবিরহাট থানায় চারজন, বেগমগঞ্জ মডেল থানায় আটজন, সোনাইমুড়ী থানায় একজন, চাটখিল থানায় চারজন এবং চরজব্বর থানায় পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ছাড়া হাতিয়া থানায় আটক নয়জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। একজনকে গ্রেপ্তারি পরোয়ানামূলে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি তিনজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য, যুবকের ৭ দিনের রিমান্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য, যুবকের ৭ দিনের রিমান্ড

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিক (২২) নামের এক যুবকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে ওই যুবক দাবি করেছেন, তিনি মজা করে মন্তব্যটি করেছিলেন এবং তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামছুদ্দোহান সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানির একপর্যায়ে বিচারক আসামির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘কমেন্টটি মজা করে করছি। কোনো উদ্দেশ্য ছিল না। ভুল হয়ে গেছে।’

পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানি শেষে তিনি গণমাধ্যমকে বলেন, আসামি নিজের ভুল স্বীকার করেছেন। তবে প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে করা মন্তব্যটি নিছক মন্তব্য ছিল না বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

রিমান্ড আবেদনে যেসব তথ্য

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছেন বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে করা মন্তব্যের পেছনে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চায় পুলিশ।

এ ছাড়া আসামির সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠন বা সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, ঘটনার নেপথ্যে কোনো পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড আছে কি না এবং জব্দ করা মোবাইল ফোনের বাইরে অন্য কোনো ডিজিটাল আলামত রয়েছে কি না, তা তদন্তের প্রয়োজনীয়তার কথা রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৩ অক্টোবর আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

যে মন্তব্য ঘিরে মামলা

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ফেসবুকের ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।’

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডিটির ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা মো. আয়নাল হককেও আটক করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে তার বাবার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিকের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। রিমান্ড আবেদনে দাবি করা হয়েছে, ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্যের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মো. মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। মামলার তদন্তে আসামির বক্তব্য, ডিজিটাল আলামত এবং অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৫ অক্টোবর ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের (জাইমা রহমান) জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য। আইন বিষয়ে উচ্চশিক্ষা এবং পেশাগত অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

জন্মদিন উপলক্ষে শুভানুধ্যায়ীরা তার সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। তাদের প্রত্যাশা, মেধা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আগামী দিনে আইন, সমাজ ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

বর্ণাঢ্য পারিবারিক ঐতিহ্য

জাইমা রহমানের বেড়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি পরিচিত পরিবারে। তার বাবা তারেক রহমান এবং মা ডা. জুবাইদা রহমান। তার দাদা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার নানা ছিলেন সাবেক নৌবাহিনীপ্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।

রাজনৈতিক ও সামাজিকভাবে পরিচিত এই পরিবারে বেড়ে উঠলেও জাইমা রহমান আইন বিষয়ে পড়াশোনা এবং পেশাগত জীবনকে গুরুত্ব দিয়েছেন।

শিক্ষা ও আইনপেশায় অগ্রযাত্রা

জাইমা রহমান ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। ২০০৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যাওয়ার পর সেখানেই তার শিক্ষাজীবন অব্যাহত থাকে।

তিনি যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন। পরে ঐতিহাসিক আইনশিক্ষা প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে ২০১৯ সালে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে বাংলাদেশের আইনপেশায় যুক্ত হওয়ার উদ্যোগ নেন তিনি। প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ

২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে জাইমা রহমানের জীবনীসংক্রান্ত তথ্যে। ওই প্রতিনিধি দলে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

সফরকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের তথ্যও পাওয়া যায়। এসব আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ তার বৈশ্বিক যোগাযোগ ও অভিজ্ঞতা অর্জনের একটি দিক হিসেবে বিবেচিত হতে পারে।

পরবর্তী সময়ে দলের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। তবে এসব কর্মসূচির নির্দিষ্ট তারিখ ও অংশগ্রহণের বিবরণ প্রকাশের আগে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।

পেশাগত জীবন ও মানবিক কর্মকাণ্ড

জাইমা রহমানের পেশাগত জীবন সম্পর্কে বিভিন্ন বিবরণে আইনপেশায় কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। সাংবিধানিক আইন, করপোরেট ও বাণিজ্যিক আইন এবং করসংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা তার পেশাগত দক্ষতা বিকাশে ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট তথ্যে দাবি করা হয়েছে।

এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করা সংস্থা ‘সুরভী’র সঙ্গে তার সম্পৃক্ততার কথাও উল্লেখ রয়েছে। শিক্ষা বিস্তার, সামাজিক অন্তর্ভুক্তি, লিঙ্গসমতা এবং মানুষের অধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোকে কেন্দ্র করে কাজ করার আগ্রহের কথাও তার সম্পর্কে প্রকাশিত তথ্যে উঠে এসেছে।

জন্মদিনে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের কল্যাণে অবদান রাখবেন জাইমা রহমান।

শুভ জন্মদিন, ব্যারিস্টার জাইমা রহমান।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম