দৌলতখানে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ভোলার দৌলতখানে রাস্তার পাশ থেকে রাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার হাট-নইমুদ্দিন বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব ওই এলাকার আজগর বাড়ির নুর নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা আজগর বাড়ির মসজিদের টয়লেটসংলগ্ন রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে দৌলতখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাস্তার পাশে যুবকের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে রাকিবের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন