টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, মেয়ের অবস্থা আশঙ্কাজনক
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলেন তারা। স্বপ্ন ছিল, পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাবেন, প্রিয়জনদের ভালো রাখবেন। কিন্তু সেই জীবিকার সন্ধানেই গাজীপুরের টঙ্গীতে গিয়ে প্রাণ হারালেন ময়মনসিংহের ফুলপুরের একই পরিবারের স্বামী-স্ত্রী। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন লাল চান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৫০)। এ ঘটনায় তাদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তারও দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাল চান মিয়া ও নাসিমা খাতুন।
নিহত দম্পতি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে লাল চান মিয়া ও তার স্ত্রীর শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মারা যান তারা।
নিহতদের ভাগিনা সাদিকুল বলেন, তার মামা পরিবার নিয়ে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার মুদাফা মাস্টারপাড়ায় ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।
তিনি বলেন, বুধবার (২১ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা খাতুন ও মেয়ে তানিশা আক্তার। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী-স্ত্রী।
এদিকে, দগ্ধ তানিশা আক্তার বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মেয়েটির সুস্থতা নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন