খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক, ১৪৩৩

নারায়ণগঞ্জে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কুবি শিক্ষার্থীর স্বামী পুলিশ হেফাজতে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নারায়ণগঞ্জে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কুবি শিক্ষার্থীর স্বামী পুলিশ হেফাজতে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পৃথক ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী ফারজানা ইসলামের স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মাজেদুল ইসলাম সুমন (৪৬), ফতুল্লার কাশিপুরের ইয়াসিন (২১) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম।

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর দক্ষিণ সরদারপাড়া এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মাজেদুল ইসলাম সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মহসিন ভুঁইয়ার ছেলে এবং একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক ছিলেন।

তার ভাই সুজন ভুঁইয়া জানান, দুই দিন আগে সুমনের স্ত্রী সাহেদা সুলতানা স্বামীর সঙ্গে ঝগড়া করে ব্রাহ্মণবাড়িয়ায় বাবার বাড়িতে চলে যান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় সুমনের মৃত্যু হয়ে থাকতে পারে। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগ করতে না পেরে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফতুল্লায় যুবকের মরদেহ উদ্ধার

অন্যদিকে, শনিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ফতুল্লার কাশিপুরের মধ্য নরসিংহপুর এলাকার হাজীপাড়ায় আব্দুর রহমান কাসেমীর বাড়ির গেটের সামনে ইয়াসিনের গলায় ফাঁস দেওয়া মরদেহ পাওয়া যায়। তিনি মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ জানায়, বাড়ি থেকে কাচ চুরির অভিযোগে শান্ত, জনি দেওয়ান ও ইমরান নামে তিন যুবক ইয়াসিনকে মারধর করেছিলেন বলে অভিযোগ রয়েছে। মারধরের অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযোগের সত্যতা এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কুবি শিক্ষার্থীর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

এদিকে, শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফারজানা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। প্রায় তিন বছর আগে একই বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

ফারজানার ভাই আরিফুল ইসলামের অভিযোগ, বিয়ের পর থেকে তার স্বামী ফারজানাকে নির্যাতন করতেন। চাকরিতে যোগ দেওয়ার পর অর্থের জন্য চাপও বেড়ে যায়। শনিবার সন্ধ্যায় বোনের সঙ্গে কথা বলার সময় তিনি অস্বাভাবিক কিছু বুঝতে পারেননি। পরে রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ফারজানার মৃত্যুর খবর পান।

এ ঘটনায় ফারজানার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘ফারজানার মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পৃথক তিনটি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে হাসান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনুতপুরা এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। তার নানাবাড়ি সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে হাসান। শনিবার সকালে বাড়ির আঙিনায় খেলছিল সে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে আঙিনা থেকে বের হয়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে হাসানকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কারিনা কায়সারের স্মৃতিতে বিশেষ সম্মাননা দেবে চরকি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কারিনা কায়সারের স্মৃতিতে বিশেষ সম্মাননা দেবে চরকি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালমৃত্যুতে শোকাহত হয়েছিল দেশের শোবিজ অঙ্গন। এবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভ্যাল’। এ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টের সেরাদের পুরস্কৃত করা হবে। একই অনুষ্ঠানে প্রয়াত কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

ইতোমধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে চরকি। ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনার অসাধারণ কাজগুলো আমাদের মাঝে রয়ে গেছে। কিন্তু তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এ বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অবদান স্মরণে এবারের চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা দেওয়া হবে।’

গত ১৬ মে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন কারিনা কায়সার। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তি গভীর শোক প্রকাশ করেন।

এদিকে, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘৩৬-২৪-৩৬’। এ ছাড়া সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ ও গানসহ বিভিন্ন বিভাগে ভোট দিতে পারবেন চরকির গ্রাহকেরা।

চরকির সাবস্ক্রাইবারদের ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। শিগগিরই সমালোচক বিভাগ এবং ২০২৩ সালের কনটেন্টভিত্তিক মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

হজযাত্রীর লাগেজ হারানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হজযাত্রীর লাগেজ হারানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৩ জুন) কসবা উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে তাঁর একটি লাগেজ হারিয়ে যায়। এ বিষয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান।

এ সময় হজ কাফেলার পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব সংশ্লিষ্ট হজযাত্রীর নিজের। এ বিষয়ে কাফেলা কর্তৃপক্ষের কিছু করার নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে শনিবার উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম