চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৫
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ দল। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮), আজিজুর রহমান সবুজ (২১), মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪)।
এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় এসআরবির একটি দল।
এ সময় বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীর এসআরবি দলের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে চিৎকার করে ৪০ থেকে ৫০ জনকে জড়ো করেন। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা আরও মারমুখী হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সরকারি অস্ত্র ও গোলাবারুদ রক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হন এসআরবি সদস্যরা।
এসআরবি-৭ জানায়, হামলার ঘটনায় শনিবার ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন