হজযাত্রীর লাগেজ হারানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৩ জুন) কসবা উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে তাঁর একটি লাগেজ হারিয়ে যায়। এ বিষয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান।
এ সময় হজ কাফেলার পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব সংশ্লিষ্ট হজযাত্রীর নিজের। এ বিষয়ে কাফেলা কর্তৃপক্ষের কিছু করার নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই জেরে শনিবার উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন