সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার তিন নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার রাতে চর কিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির ফকির। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় কবির হোসেনকে তিন নম্বর আসামি করা হয়েছে।
এসআরবি জানায়, হত্যাকাণ্ডের পর মামলার আসামিদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর সোমবার সকালে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ দল কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন