আলিম পরীক্ষায় পাসের পরদিনই বাসচাপায় প্রাণ গেল সাকিবের
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের শিক্ষার্থী সাকিব ব্যাপারী। লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় বাসচাপায় তার মৃত্যু হয়।
রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারি বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে। তিনি লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এদিকে, সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন