গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ; ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছে। টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও পরে বেতন বৃদ্ধির দাবিতে একে একে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
এদিকে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কটি প্রায় ফাঁকা হয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কাউকে ফুটবল খেলতে, আবার কাউকে ক্রিকেট খেলায় মেতে উঠতে দেখা যায়।
শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় সফিপুর ও আশপাশের এলাকার ১৮টি পোশাক কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে রাতে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রোববার সকাল থেকে আবারও সড়কে অবস্থান নেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও অসন্তোষ চলছে। এ পরিস্থিতিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রোববার সকাল থেকেই শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন