মাদ্রাসায় ১০ ইভেন্টসহ আরচারি, শুটিং ও হকি আয়োজনের নির্দেশন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টসহ আরচারি, শুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ জন্য অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার (১ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়া স্বাক্ষরিত চিঠিটি অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, দেশের ক্রীড়ার উন্নয়নে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
এ লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি ভবিষ্যতে সুস্থ, আত্মবিশ্বাসী ও পেশাদার নাগরিক হিসেবে গড়ে উঠতেও ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ অবস্থায় নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টের পাশাপাশি আরচারি, শুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের জন্য মাদ্রাসাপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন