শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, দাবি ছাত্রদল নেতার
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামায়াতে ইসলামীকে নিয়েও সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া শেষে সাধারণ মানুষের মধ্যে জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার ২০৩০ ভিশন এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও প্রচারণা চালান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন আউয়াল।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ তাজউদ্দীন আহমদ স্বাধীনতার ঘোষণার একটি খসড়া নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি হওয়ার আশঙ্কায় শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে চাননি বলে দাবি করেন তিনি।
শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আউয়াল বলেন, শেখ মুজিব মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন এবং শেখ হাসিনা ভারত চলে গেছেন। তার দাবি, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না।
আউয়াল আরও বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মশিউর রহমান জাদু মিয়া জিয়াউর রহমান সম্পর্কে ভালো, সৎ ও দেশপ্রেমিক—এই তিনটি শব্দ ব্যবহার করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
ছাত্রদলের এই নেতা বলেন, জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রয়েছে। তাদের ভালো, সততা ও দেশপ্রেমের প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে আউয়াল বলেন, তার শাসনামলের কর্মকাণ্ডের জন্য তিনি এখনো বাংলাদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেননি। জনগণ তার বিচারের অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রসঙ্গ টেনে আউয়াল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনা ও জনতার ঐক্য দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। তার মতে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণের ঐক্যের প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, ওই সময় সেনা-জনতার স্লোগান ছিল, ‘সেনা-জনতা এক, ষড়যন্ত্র রুখে দাও’। ৭ নভেম্বর জিয়াউর রহমানকে উদ্ধারের মধ্য দিয়ে দেশের স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
শেখ মুজিবের শাসনামলের সমালোচনা করে আউয়াল বলেন, তার সময়ে গুম-খুনের রাজনীতি শুরু হয়েছিল। এর বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উপহার দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে ছাত্রদল নেতা বলেন, দলটির একটি কমিটিতে কোনো নারীর নাম নেই। নারী প্রতিনিধিত্ব ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল এগিয়ে যেতে চাইলে জনগণ তা মেনে নেবে না। জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন